যশোর ঃ
বাংলদেশের যশোরের কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকায় এক ধানখেত থেকে অরুণ অধিকারী নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ৪৮ বছর বয়সী অরুণ অধিকারী দীর্ঘ ২৮ বছর মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে মাছের ঘেরের ব্যবসায় নিয়োজিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে অরুণ অধিকারী মোটরসাইকেল চালিয়ে কেশবপুর শহরের সাহাপাড়ার নিজ বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি একটি ধানখেতের পাশে তাকে নিজের মোটরসাইকেলের নিচে চাপা পড়ে থাকা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। তারা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিপন রায় জানান, রাত ১টার দিকে যখন তাকে হাসপাতালে আনা হয়, তখন তিনি মৃত ছিলেন। তবে প্রাথমিক পরীক্ষায় তার শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।
অরুণ অধিকারীর বড় ভাই অশোক অধিকারী সাংবাদিকদের জানিয়েছেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য মরদেহ ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
রহস্যজনক এই মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে।