সুজাপুরে উন্নয়নের অঙ্গীকারে সরব সাবিনা ইয়াসমিন, পথসভায় জোরালো বার্তা

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 4 h ago
সুজাপুরে উন্নয়নের অঙ্গীকারে সরব সাবিনা ইয়াসমিন, পথসভায় জোরালো বার্তা
সুজাপুরে উন্নয়নের অঙ্গীকারে সরব সাবিনা ইয়াসমিন, পথসভায় জোরালো বার্তা
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 
 
মালদার সুজাপুরে নির্বাচনী আবহে জোরদার প্রচারে নেমে উন্নয়নের বার্তা তুলে ধরলেন সাবিনা ইয়াসমিন। জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েত এলাকার পথসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মারুপুরকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, সেটা আমাকে কোনো প্রতিপক্ষ প্রার্থীর কাছ থেকে শিখতে হবে না। মানুষের পাশে থেকে কাজ করার বাস্তব অভিজ্ঞতাই আমার শক্তি।”
 
 
তিনি আরও দাবি করেন, কথার চেয়ে কাজে বিশ্বাসী তিনি ইতিমধ্যেই উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই সুজাপুরকে আরও এগিয়ে নিয়ে যেতে চান। সভায় উপস্থিত সাধারণ মানুষের ভরসা ও সমর্থনকে তিনি উন্নয়নের মূল চালিকাশক্তি বলে উল্লেখ করেন।পথসভায় ব্যাপক জনসমাগম ও সমর্থনের কথা উল্লেখ করে সাবিনা ইয়াসমিন বলেন, মানুষের ভালোবাসা ও আশীর্বাদ তাঁর দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। স্থানীয়দের মুখে একটাই সুর—উন্নয়নের ধারাই বজায় রাখতে হবে, আর সেই লক্ষ্যেই ২৩ এপ্রিল সকলে একজোট হয়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস কে সমর্থন জানানোর আহ্বান জানান তিনি।
 
প্রচারে সাবিনা ইয়াসমিন
 
উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি রাজ্যের প্রথম মুসলিম মহিলা মন্ত্রীদের মধ্যে অন্যতম হিসেবে পরিচিতি লাভ করেন।ব্যক্তিগত জীবনে তিনি একজন রাজ্য সহায়তাপ্রাপ্ত কলেজ শিক্ষিকা (SACT)। তাঁর স্বামী মহম্মদ মেহবুব আলম একজন ক্ষুদ্র ব্যবসায়ী। উচ্চশিক্ষায় তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
 
নির্বাচনের প্রাক্কালে সুজাপুরে এই পথসভা ঘিরে রাজনৈতিক উত্তাপ যেমন বাড়ছে, তেমনি উন্নয়ন ইস্যুকে সামনে রেখে প্রচারে জোর দিচ্ছেন সাবিনা ইয়াসমিন—এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।