নূরুল হক / আগরতলা
সাংবাদিক কন্যা স্নিগ্ধালতা ঘোষের সাফল্যে বাড়িতে গিয়ে সম্বর্ধনা এবং শুভেচ্ছা জানালো অল ইন্ডিয়া মিল্লী কাউন্সিল, ত্রিপুরা রাজ্যিক এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীর এবংজম্পুইজলা প্রেসক্লাব। উত্তরীয়, বই এবং ডায়েরি দিয়ে স্নিগ্ধালতা ঘোষের আগামীর সাফল্যের জন্য মোনাজাত তোলেন মাওলানা মুহাম্মাদ জাকির হুসাইন আলজলিলী। উপস্থিত ছিলেন সাংবাদিক শিবচরণ দেববর্মা, অল ইন্ডিয়া মিল্লী কাউন্সিল সিপাহীজলা জেলা কমিটির সহসভাপতি মহরম আলী, আছমা খাতুন ও মরিয়ম বেগম সহ অন্যান্যরা।
ইন্ডিয়া মিল্লী কাউন্সিল, ত্রিপুরা রাজ্যিক এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীর স্নিগ্ধালতা ঘোষের এই সাফল্য আনন্দ প্রকাশ করেছে এবং তার আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় আল্লাহর কাছে দোয়া চেয়েছে। প্রসঙ্গত সিপাহীজলা জেলার গোলাঘাটির বিশিষ্ট সাংবাদিক খোকন ঘোষের একমাত্র কন্যা স্নিগ্ধালতা ঘোষ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরোর) আহমেদাবাদ স্থিত স্পেস সেন্টারে আয়োজিত যুব বিজ্ঞানী কার্যক্রম ইউবিকা-র জন্য নির্বাচিত হয়।
সে বিশালগড়ের একমাত্র স্কুলছাত্রী যে জেলা থেকে জাতীয় স্তরের এই বিজ্ঞান কর্মশালায় অংশগ্রহণ করতে পেরেছে। স্নিগ্ধালতা ঘোষ টাকারজলার পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। ঘরের মেয়ের এই অভাবনীয় সাফল্যে পরিবারের সাথে জাতি ধর্মের ঊর্ধ্বে গর্বিত রয়েছেন প্রতিবেশীরা।
এই উপলক্ষে রবিবার অল ইন্ডিয়া মিল্লী কাউন্সিল, ত্রিপুরা রাজ্যিক এমারতে শরয়ীয়াহ্ ও নদওয়াতুত্ তামীর সহ জম্পুইজেলা প্রেসক্লাবের একটি সর্বধর্ম প্রতিনিধি দল স্নিগ্ধালতা ঘোষের বাড়িতে যায় এবং তাকে বিশেষভাবে সম্বর্ধনা দেয় এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপহার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় বই, ডায়েরি। সেই সাথে দুহাত তুলে তার আগামী দিনের সাফল্য কামনা করেন প্রতিনিধি দলের সদস্যরা।