RBI-এর কড়া কোপ! বাতিল Paytm Payments Bank-এর লাইসেন্স

Story by  atv | Posted by  Aparna Das • 6 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
নয়া দিল্লি 

দেশের ডিজিটাল আর্থিক পরিষেবা খাতে ফের বড় ধাক্কা খেল পেটিএম। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবার পেটিএম পেমেন্টস ব্যাংক (Paytm Payments Bank)-এর লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে মামলাটি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছে আরবিআই।
 
এই সিদ্ধান্ত সামনে আসতেই কোটি কোটি গ্রাহকের মনে প্রশ্ন, জমা টাকার কী হবে? Paytm Payments Bank-এর তরফে আশ্বস্ত করা হয়েছে, গ্রাহকদের সমস্ত অর্থ সম্পূর্ণ নিরাপদ রয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়ার জন্য তাদের কাছে পর্যাপ্ত তহবিল মজুত আছে।
 
তবে কীভাবে এবং কবে টাকা ফেরত দেওয়া হবে, সেই প্রক্রিয়া এখনও স্পষ্ট করে জানানো হয়নি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা করা হবে।
 
লাইসেন্স বাতিলের ফলে Paytm Payments Bank আর কোনওভাবেই ব্যাঙ্ক হিসেবে কাজ করতে পারবে না। নতুন কোনও লেনদেন গ্রহণ করা যাবে না, নতুন গ্রাহক পরিষেবাও দেওয়া যাবে না। অর্থাৎ, ব্যাঙ্কিং সংক্রান্ত যাবতীয় পরিষেবায় কার্যত ইতি পড়ল।
 
আরবিআই সূত্রে জানা গিয়েছে, এই কঠোর পদক্ষেপের পিছনে রয়েছে একাধিক কারণ। অভিযোগ, ব্যাঙ্কিং ব্যবস্থা সঠিকভাবে পরিচালনায় ব্যর্থতা, গ্রাহকদের স্বার্থবিরোধী কিছু পদক্ষেপ এবং আরবিআইয়ের নির্ধারিত নিয়ম ও গাইডলাইন না মানার ঘটনাই এই সিদ্ধান্তের মূল কারণ।
 
এটাই প্রথম নয়। এর আগেও Paytm Payments Bank-এর বিরুদ্ধে একাধিকবার ব্যবস্থা নিয়েছিল RBI। ২০২২ সালে নতুন গ্রাহক নেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে ২০২৪ সাল পর্যন্ত নির্দিষ্ট কিছু পরিষেবাতেও কড়াকড়ি আরোপ করা হয়েছিল।
 
তবে একটি বিষয় পরিষ্কার, Paytm Payments Bank এবং Paytm অ্যাপ এক জিনিস নয়। আরবিআইয়ের সিদ্ধান্ত শুধুমাত্র Paytm Payments Bank-এর ক্ষেত্রে প্রযোজ্য। ফলে Paytm অ্যাপ আগের মতোই চালু থাকবে এবং ডিজিটাল পেমেন্ট পরিষেবা চালিয়ে যাবে।
 
সব মিলিয়ে, আরবিআইয়ের এই পদক্ষেপে দেশের ফিনটেক দুনিয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। এখন নজর গ্রাহকদের টাকা ফেরতের রূপরেখা ও পরবর্তী আইনি লড়াইয়ের দিকে।