শেষ মুহূর্তে ফুটবল তারকা ও দেশগুলোর জার্সি কেনার জন্য হুড়োহুড়ি পড়েছে কলকাতার বিভিন্ন দোকানে
শান্তিপ্রিয় রায়চৌধুরী/কলকাতা
ফিফা বিশ্বকাপ এসে গেছে। আর কয়েকটা রাত। তারপর শুরু হবে রাত জাগা। ফুটবল প্রেমীরা তৈরি। আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, স্পেনকে সমর্থন জানানোর জন্য। শুধু টিভির সামনেই বসে নয়, প্রতিটি দেশের জার্সি কেনার ধুম পড়ে গেছে শহর কলকাতায়। পুরো শহর ফুটবলের উন্মাদনায় মেতে উঠেছে। সর্বত্র তোরণ আর পতাকা দেখা যাচ্ছে। কোথায় ব্রাজিলের পতাকা, আবার কোথায় আর্জেন্টিনার পতাকা। পতাকাগুলো শোভা পাচ্ছে তোরোন গুলোতে। বড় ম্যাচের দিনগুলোতে কাজে ছুটি নিয়ে, নিজেদের প্রিয় দলের জার্সি পরে বন্ধুদের সাথে টিভির সামনে বসে খেলা দেখার পরিকল্পনা করছে।
আর আপনার কী খবর? এখনও জার্সি কেনার সময় পাননি? আর দেরি না করে চলে আসুন শহরের এই দোকানগুলোতে।
কলকাতার ময়দানের বাজার গুলোতে সব ধরনের ফুটবল সরঞ্জামের স্বর্গরাজ্য। এখানে প্রায় ৫০০টির বেশি দোকান আছে, যার অর্ধেকেরও বেশি দোকানে খেলাধুলার সরঞ্জাম পাওয়া যায় এবং প্রায় সব দোকানেই দলের জার্সি বিক্রি পুরো দমে চলছে। আপনি এখানে জার্সির সব ধরনের সাইজের পাবেন। সব দলেরই জার্সি শোভা পাচ্ছে দোকানগুলোতে। তবে জ্যাকি'স এবং সর্দারজি'স-এর দোকানেই সবচেয়ে ভালো জার্সিগুলো পাওয়া যায়।
পার্ক স্ট্রিটের নতুন ওয়েস্টসাইড স্টোরটিতে খেলাধুলা ও ফিটনেসের জন্য একটি জমকালো বিভাগ রয়েছে। ফিফা বিশ্বকাপের জন্য তাদের কাছে অফিসিয়াল এবং হোম-ব্র্যান্ডের উভয় ধরনের জার্সিরই স্টক রয়েছে। তবে আপনার বাজেট যদি সীমিত হয়, তবে ৫০০ টাকাতে তাদের টিম কোয়েস্ট জার্সিগুলো বেছে নিতে পারেন।
নাইকি ফ্যাক্টরি স্টোর
ব্রাজিল, ফ্রান্স, পর্তুগাল এবং ইংল্যান্ডের মতো দলগুলোর অফিসিয়াল ফিফা পার্টনার। তাই আপনি এই দোকানে গেলে শুধুমাত্র আসল জিনিসই পরতে পারেন। তাহলে শহরের যেকোনো নাইকি আউটলেটে চলে যান এবং ৫ হাজার টাকাতে একটি অফিসিয়াল ফিফা জার্সি কিনতে পারবেন। নাইকির কাছে বিভিন্ন দলের মার্চেন্ডাইজ জার্সিরও (যেগুলো দলের অফিসিয়াল জার্সি নয়) ভালো সংগ্রহ রয়েছে।
বেশিরভাগ অ্যাডভেঞ্চারপ্রেমীই ডেকাথলনের অ্যাডভেঞ্চার ও স্পোর্টস গিয়ারের ওপর আস্থা রাখেন। বিশ্বকাপ উপলক্ষে তারা তাদের নিজস্ব ব্র্যান্ডের কিপস্টা জার্সি নিয়ে এসেছে। আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ডের জার্সি বেছে নিতে পারেন ৫৯৯ টাকাতে।
অ্যাডিডাস আউটলেট
রয়েছে কলকাতার তালতলায়। এই বড় স্টোরটি আর্জেন্টিনা, জার্মানি এবং স্পেনের অফিসিয়াল ফিফা বিশ্বকাপ পার্টনার। ৪,৯৯৯ ভারতীয় টাকা মূল্যের এই অফিসিয়াল জার্সিগুলো সমস্ত অ্যাডিডাস স্টোরে পাওয়া যাচ্ছে। আপনি শর্টস সহ একটি সেট নিতে পারেন অথবা অফিসিয়াল জার্সি, শর্টস এবং জুতো দিয়ে সম্পূর্ণ লুকটি তৈরি করতে পারেন।
যাদবপুরের সুলেখার এই দোকানটি ক্রীড়াপ্রেমীদের আরেকটি প্রিয় জায়গা। ফিফা মরসুমের সাথে তাল মিলিয়ে সব সাইজের প্রতিটি দেশের জার্সিও মজুত করেছে। এই জার্সিগুলো আপনি মাত্র ২৫০ টাকার মতো কম দামে পেয়ে যাবেন।
তবে কলকাতার ফুটবল বিশ্বকাপের জার্সির বাজার খুবই জমজমাট ময়দান মার্কেট ও বিধান মার্কেটে। লিওনেল মেসির ১০ নম্বর জার্সির চাহিদা রয়েছে তুঙ্গে।ব্রাজিলের হলুদ রঙের হোম ও নীল অ্যাওয়ে জার্সির বিক্রি চোখে পড়ার মতো।অন্যান্য দেশ পর্তুগাল, জার্মানি, স্পেন এবং ইংল্যান্ডের জার্সিরও দারুণ ক্রেতা রয়েছে।