ISL- এ সাপ-লুডোর লড়াই! গোয়ার জয়ে চাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, আজ হাইভোল্টেজ মুম্বই-বেঙ্গালুরু
কলকাতা
আইএসএলের শিরোপা দৌড় এখন যেন একেবারে সাপ-লুডোর খেলা। এক ম্যাচেই বদলে যাচ্ছে সমীকরণ, এক জয়েই পাল্টে যাচ্ছে লিগ টেবিলের চেহারা। সেই উত্তেজনাকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিল এফসি গোয়া। টানা দুই ম্যাচে জিতে মানেলো মার্কেজের দল ফের শিরোপা লড়াইয়ে জোরালো প্রত্যাবর্তন করেছে।
শুক্রবার নর্থইস্ট ইউনাইটেডের মাঠে ২-০ গোলের দাপুটে জয় তুলে নেয় গোয়া। তার আগের ম্যাচে তারা হারিয়েছিল মুম্বই সিটি এফসিকেও। ফলে পরপর দুই জয়ে আত্মবিশ্বাস এখন তুঙ্গে গোয়া শিবিরে। একটি ম্যাচ বেশি খেললেও তারা উঠে এসেছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে ব্যবধান এখন মাত্র এক পয়েন্ট।
এই ফলেই চাপ বেড়েছে কলকাতার দুই প্রধান, মোহনবাগান ও ইস্টবেঙ্গলের উপর। এখন থেকে একটি ম্যাচেও পা হড়কালেই পিছিয়ে পড়ার আশঙ্কা প্রবল। আইএসএলের এই টানটান লড়াইয়ে কোনও দলই নিরাপদ নয়।
এদিকে শনিবারের প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে মুম্বই সিটি এফসি ও বেঙ্গালুরু এফসি। শেষ ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৩-৩ ড্র করার পর জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী ও আশিক কুরুনিয়ানের মতো অভিজ্ঞ আক্রমণভাগ থাকলেও তাদের সামনে বড় চ্যালেঞ্জ মুম্বইয়ের শক্তিশালী রক্ষণভাগ। ৯ ম্যাচে মাত্র ৭ গোল হজম করেছে মুম্বই।
বর্তমানে ১৫ পয়েন্টে থাকা বেঙ্গালুরু জিততে পারলে ১৮ পয়েন্টে পৌঁছে মুম্বইয়ের সমকক্ষ হয়ে যাবে। বেঙ্গালুরু কোচ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “এই ম্যাচটাই আমাদের কাছে ফাইনাল।”
অন্যদিকে, এফসি গোয়ার কাছে ০-২ হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া মুম্বই সিটি। মোহনবাগান শীর্ষে উঠে যাওয়ায় চাপও বেড়েছে তাদের উপর। কোচ পেত্র ক্রাতকি বলেন, “বেঙ্গালুরু খুব শক্তিশালী দল। তাদের মাঠে খেলা কখনও সহজ নয়।” বিক্রম প্রতাপ সিংও জানিয়ে দিয়েছেন, “এই ম্যাচ আমাদের কাছেও ফাইনালের মতো।”
আক্রমণে ছাংতে, ব্র্যান্ডন ফার্নান্ডেজ ও পেরেইরা দিয়াজের উপরই ভরসা রাখছে মুম্বই।
সব মিলিয়ে, আইএসএলের শিরোপা দৌড় এখন চরম উত্তেজনার। একদিকে গোয়ার দুরন্ত প্রত্যাবর্তন, অন্যদিকে কলকাতার দুই প্রধানের উপর বাড়তি চাপ, ফুটবলপ্রেমীদের জন্য আগামী কয়েক সপ্তাহ হতে চলেছে রোমাঞ্চে ভরা।