ফিফা সভাপতির বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডানের প্রিন্স আলীর, তীব্র বিতর্ক বিশ্ব ফুটবলে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
ফিফা সভাপতির বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডানের প্রিন্স আলীর, তীব্র বিতর্ক বিশ্ব ফুটবলে
ফিফা সভাপতির বিরুদ্ধে ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ জর্ডানের প্রিন্স আলীর, তীব্র বিতর্ক বিশ্ব ফুটবলে
 
জর্ডান:

 বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে ঘিরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্স আলী বিন আল-হুসেইন। তিনি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থন আদায়ের জন্য চাপ সৃষ্টি বা ‘ব্ল্যাকমেইল’-এর অভিযোগ তুলেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে প্রিন্স আলী দাবি করেন, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে জানানো হয়েছিল যে, ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের বিভিন্ন প্রশাসনিক ও সাংগঠনিক সমস্যা সমাধানে সহায়তা করা হবে। অথচ এর আগে দীর্ঘ সময় ধরে সহযোগিতা চেয়েও তারা কোনো কার্যকর সহায়তা পাননি বলে অভিযোগ করেন তিনি।

প্রিন্স আলী লেখেন, “জর্ডানে আমরা নৈতিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিই। আমরা আগে তাকে সমর্থন করিনি, এখনও করব না। পুরো বিষয়টি ব্ল্যাকমেইলের মতো, আর আমরা এর কাছে মাথা নত করব না।”

তিনি আরও অভিযোগ করেন, সীমিত বাজেটের একটি ছোট দেশের ফুটবল সংস্থা হিসেবে জর্ডান নানা সমস্যার মুখোমুখি হলেও ফিফার কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা পায়নি। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বকাপে অংশ নিতে সমর্থকদের অত্যন্ত উচ্চমূল্যের টিকিট কিনতে হলেও অনেকেই যুক্তরাষ্ট্রের ভিসা পাননি।

প্রিন্স আলীর দাবি, ২০২৫ সালের ফিফা-আয়োজিত আরব কাপে অংশগ্রহণের জন্য জর্ডানের প্রাপ্য পুরস্কারের অর্থ এখনও পরিশোধ করা হয়নি। এছাড়া যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণের কারণে ফিফার ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র সরকারের করও বহন করতে হয়েছে তাদের, যা খেলোয়াড় ও কর্মকর্তাদের প্রাপ্য অর্থের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, “কানাডা বা মেক্সিকোতে অবস্থান করা দলগুলোর ক্ষেত্রে এমন করের বোঝা ছিল না। কিন্তু যুক্তরাষ্ট্রে থাকার কারণে আমাদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হয়েছে।”

উল্লেখ্য, জর্ডান ইতিহাসে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করলেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। একই সঙ্গে আরব কাপের ফাইনালে ওঠার জন্য প্রাপ্য আর্থিক পুরস্কারও এখনও না পাওয়ার অভিযোগ করেছে দেশটির ফুটবল সংস্থা।

এদিকে, সংবাদ মাধ্যম জানিয়েছে, অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও সংস্থাটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। অভিযোগকে ঘিরে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।