একপাশে পীর গোরাচাঁদ মাজার, অন্যপাশে দুর্গা মন্দির, বিদ্যাধরী তীরে হিন্দু-মুসলিম ঐক্যের রাখিবন্ধন! ভেদাভেদ রুখতে একতার বার্তা বসিরহাটে

Story by  Tarun Nandi | Posted by  Aparna Das • 21 h ago
একপাশে পীর গোরাচাঁদ মাজার, অন্যপাশে দুর্গা মন্দির, বিদ্যাধরী তীরে হিন্দু-মুসলিম ঐক্যের রাখিবন্ধন! ভেদাভেদ রুখতে একতার বার্তা বসিরহাটে
একপাশে পীর গোরাচাঁদ মাজার, অন্যপাশে দুর্গা মন্দির, বিদ্যাধরী তীরে হিন্দু-মুসলিম ঐক্যের রাখিবন্ধন! ভেদাভেদ রুখতে একতার বার্তা বসিরহাটে
 
তরুণ নন্দী, কলকাতা

রাখি বন্ধনকে কেন্দ্র করে সম্প্রীতির নজির গড়লেন হিন্দু মুসলিমরা। নেপালে হরপা বানে প্রাণ হারানো  মানুষদের প্রতি  শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে বিশ্ব উষ্ণায়ন রুখতে পরিবেশ রক্ষার শপথ নিয়ে উত্তর ২৪ পরগনার  সুন্দরবন জুড়ে উদযাপিত হলো এক ব্যতিক্রমী রাখিবন্ধন উৎসব। বসিরহাট ৮ নম্বর ওয়ার্ডে মিঠু দে, রাজু দে, আরশাদ আলী মোল্লা, পারমিতা মজুমদার, অমিত মজুমদার ও বিকাশ ঘোষের উপস্থিতিতে  ম্যানগ্রোভ বাঁচানোর বার্তা দিয়ে গাছে রাখি পরানো হল।   
 

১৯০৫ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় শুরু করা সম্প্রীতির পথ অনুসরণ করেই জাতি-ধর্মের ভেদাভেদ ভুলে সকল ধর্মের মানুষ এদিন রাখি হাতে একসঙ্গে মিলিত হয়ে পরিবেশ ও ভ্রাতৃত্ব রক্ষার এই যৌথ বার্তা দিলেন।
 
উত্তর ২৪ পরগনার  সুন্দরবন জুড়ে উদযাপিত হলো এক ব্যতিক্রমী রাখিবন্ধন উৎসব
 
একইভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়া হল বিদ্যাধরী নদীর তীরে হাড়োয়াতেও। হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে 'সম্প্রীতির রাখিবন্ধন উৎসব' পালন করলেন। বিদ্যাধরী নদীর এক পাশে পীর গোরাচাঁদ মাজার শরীফ এবং অন্য পাশে বিখ্যাত দুর্গা মন্দির, হাড়োয়ার এই চিরন্তন সম্প্রীতির ঐতিহ্যকে বজায় রেখে সকাল থেকে রাখি বন্ধন উৎসবে মেতে ওঠেন ধর্ম বর্ণ নির্বিশেষে স্থানীয়রা। দেখা গেল, মুসলিম ভাইদের হাতে রাখি পরিয়ে দিলেন হিন্দু বোনেরা।  রাখিকে কেন্দ্র করে সম্প্রীতির এক অনন্য নজির দেখা গেল বসিরহাটে।
 
অনুষ্ঠান শেষে বিজেপি নেতা সুশেন বৈদ্য বলেন, হাড়োয়া বরাবরই সম্প্রীতির পীঠস্থান।  রাখিবন্ধন উৎসবের মধ্য দিয়ে আমরা মানুষের কাছে ভেদাভেদ ভোলার বার্তাই দিচ্ছি। একই সুরে সুর মিলিয়ে বিজেপি নেত্রী চম্পা বিবিও জানান, হিন্দু ভাইদের হাতে আমরা রাখি পরালাম। সব ধর্মের মানুষের হাতে রাখি পরিয়ে সম্প্রীতি প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।
 
এই বিশেষ উদ্যোগে  উপস্থিত ছিলেন পার্থ চ্যাটার্জি, প্রতীক আইচ, পিন্টু বাহাদুর, আরজিনা বিবি, ফাতেমা বিবি, বুলা ঘোষ, নমিতা সরদার, জাহাঙ্গীর আনসারী, ইসমাইল মোল্লা, রবিউল মোল্লা, বিজয় মালি, তিয়াসা ঘোষ এবং মনোজ বিশ্বাস সহ আরও জেলার বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা।
 
পরিবেশ রক্ষার পাশাপাশি বিদ্যাধরী তীরের মিলন উৎসব, সব মিলিয়ে  রাখিবন্ধন যেন ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে পারস্পরিক সৌভ্রাতৃত্বের আবহ তৈরি করল। একই সঙ্গে পরিবেশ সচেতনতা এবং মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত তৈরি করে গোটা সমাজে মূল্যবোধের বার্তা ছড়ালো বসিরহাট।


শেহতীয়া খবৰ