মাদ্রাসায় জন্মদিন পালন করে সম্প্রীতির বার্তা হিন্দু যুবকের

Story by  Nurul Haque | Posted by  Aparna Das • 1 d ago
মাদ্রাসায় জন্মদিন পালন করে সম্প্রীতির বার্তা হিন্দু যুবকের
মাদ্রাসায় জন্মদিন পালন করে সম্প্রীতির বার্তা হিন্দু যুবকের
 
নূরুল হক / আগরতলা 

ধর্মীয় বিভেদ ভুলে সম্প্রীতি ও মানবতার এক অনন্য বার্তা দিলেন বিশালগড় নারাউড়ার বাসিন্দা সাগর দাস। নিজের জন্মদিন উপলক্ষে প্রতিবছর মন্দির, আশ্রম, বৃদ্ধাশ্রম কিংবা স্কুলে বিভিন্নভাবে দিনটি পালন করলেও এবার সম্পূর্ণ ভিন্নভাবে জন্মদিন উদযাপন করলেন তিনি।
 
জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার বিশালগড় বাইপাস সংলগ্ন জামিয়া মাদানিয়া দারুল উলুম বিশালগড় মাদ্রাসায় সপরিবারে ছুটে যান পারিবারিকভাবে ব্যবসায়ী সাগর দাস। সেখানে মাদ্রাসার ছোট ছোট শিক্ষার্থীদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন তিনি।
 
ব্যবসায়ী সাগর দাসের মাদ্রাসায় জন্মদিন উদযাপনের একটি ছবি
 
শিক্ষার্থী, শিক্ষক ও এবং মাদ্রাসা অধ্যক্ষের উপস্থিতিতে মিষ্টি ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন সাগর দাস ও তাঁর পরিবারের সদস্যরা।সাগর দাসের কথায়, সমাজে হিন্দু-মুসলিমের মধ্যে বিভেদ নয়, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হওয়া প্রয়োজন।
 
সেই ভাবনা থেকেই এবার মাদ্রাসার শিশুদের সঙ্গে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।এদিন সাগর দাসের এই উদ্যোগে খুশি প্রকাশ করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুর রহমান সাহেব। তাঁর এই উদ্যোগকে সম্প্রীতি ও মানবতার সুন্দর দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সমাজে পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য বজায় রাখার বার্তা দেন তিনি।
 
ব্যবসায়ী সাগর দাসের মাদ্রাসায় জন্মদিন উদযাপনের একটি ছবি
 
জন্মদিনের আনন্দকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়ার এই উদ্যোগে উঠে এসেছে সম্প্রীতির এক সুন্দর ছবি। ধর্মের পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ানোর এই বার্তা নিঃসন্দেহে সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত বলেই শুভবুদ্ধি সম্পন্ন মহলের অভিমত।


শেহতীয়া খবৰ