বিদেশ ভ্রমণের স্বপ্ন এবার আরও সহজ! ভারতীয় পাসপোর্টেই ভিসা ছাড়া বা সহজ অনুমতিতে যাওয়া যাবে ৫৬ দেশে

Story by  atv | Posted by  Aparna Das • 9 h ago
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
 
নয়াদিল্লি

দিঘা, পুরী বা দার্জিলিং ঘুরে এবার যদি বিদেশ সফরের পরিকল্পনা থাকে, তবে সুখবর রয়েছে ভারতীয় পর্যটকদের জন্য। ভারতীয় পাসপোর্টধারীদের জন্য বিশ্বের একাধিক দেশের দরজা এখনও যথেষ্ট উন্মুক্ত। সাম্প্রতিক হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ভারতীয় পাসপোর্ট বর্তমানে বিশ্বের ৮০তম স্থানে রয়েছে। এর ফলে ভারতীয় নাগরিকরা মোট ৫৬টি দেশে ভিসা ছাড়াই বা সহজ প্রক্রিয়ায় প্রবেশের সুযোগ পাচ্ছেন।
 
এই ৫৬টি দেশের মধ্যে ২৭টি দেশে সম্পূর্ণ ভিসা-ফ্রি, ২৬টি দেশে পৌঁছেই ভিসা (Visa on Arrival) এবং ৩টি দেশে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নেওয়ার সুবিধা রয়েছে। ফলে দীর্ঘ ভিসা প্রক্রিয়ার ঝামেলা ছাড়াই বিদেশ ভ্রমণের পরিকল্পনা অনেকটাই সহজ হয়ে উঠছে।
 
ভিসা-ফ্রি, ভিসা অন অ্যারাইভাল ও ইটিএ, পার্থক্য কোথায়?
 
ভিসা-ফ্রি ব্যবস্থায় ভ্রমণের আগে আলাদা করে ভিসা নেওয়ার প্রয়োজন হয় না। তবে সংশ্লিষ্ট দেশের বিমানবন্দর বা ইমিগ্রেশন কর্তৃপক্ষ বৈধ পাসপোর্ট, হোটেল বুকিং, ফেরার টিকিট এবং পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ চাইতে পারে।
 
ভিসা অন অ্যারাইভাল ব্যবস্থায় আগে থেকে ভিসা করতে হয় না। গন্তব্য দেশে পৌঁছে বিমানবন্দর বা নির্দিষ্ট ইমিগ্রেশন কাউন্টারে আবেদন, প্রয়োজনীয় নথি জমা এবং নির্ধারিত ফি প্রদান করে ভিসা পাওয়া যায়। তবে প্রতিটি দেশের নিয়ম আলাদা হওয়ায় সফরের আগে সংশ্লিষ্ট দেশের নির্দেশিকা জেনে নেওয়া জরুরি।
 
অন্যদিকে ইটিএ (Electronic Travel Authorization) হল অনলাইনে আগাম ভ্রমণ অনুমোদনের ব্যবস্থা। এটি প্রচলিত ভিসার তুলনায় অনেক সহজ এবং দ্রুত সম্পন্ন করা যায়।
 
ভিসা ছাড়াই যাওয়া যাবে যে ২৭টি দেশে
 
ভারতীয় পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই প্রবেশ করা যাবে অ্যাঙ্গোলা, বার্বাডোস, ভুটান, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, কুক আইল্যান্ডস, ডোমিনিকা, ফিজি, গ্রেনাডা, হাইতি, জ্যামাইকা, কাজাখস্তান, কিরিবাতি, ম্যাকাও, মালয়েশিয়া, মরিশাস, মাইক্রোনেশিয়া, মন্টসেরাট, নেপাল, নিয়ু, ফিলিপিন্স, কাতার, রুয়ান্ডা, সেনেগাল, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস, গাম্বিয়া, ত্রিনিদাদ ও টোবাগো এবং ভানুয়াতুতে।
 
এর মধ্যে ভুটান ও নেপাল ভারতীয় পর্যটকদের কাছে বরাবরই জনপ্রিয়। পাশাপাশি মালয়েশিয়া, ফিলিপিন্স, মরিশাস ও কাতারও এখন ভ্রমণপিপাসুদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
 
পৌঁছেই মিলবে ভিসা
 
ভিসা অন অ্যারাইভাল সুবিধা রয়েছে বুরুন্ডি, কম্বোডিয়া, কেপ ভার্দে, কোমোরোস, জিবুতি, ইথিওপিয়া, গিনি-বিসাউ, ইন্দোনেশিয়া, জর্ডন, লাওস, মাদাগাস্কার, মালদ্বীপ, মার্শাল আইল্যান্ডস, মঙ্গোলিয়া, মোজাম্বিক, মায়ানমার, পালাউ, সামোয়া, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, সেন্ট লুসিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, তিমর-লেস্তে, টুভালু এবং জিম্বাবোয়েতে।
 
অনলাইনে অনুমোদন লাগবে এই ৩ দেশে
 
কেনিয়া, সিশেলস এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ভ্রমণের আগে অনলাইনে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) নেওয়া বাধ্যতামূলক।
 
ভ্রমণের আগে কী মাথায় রাখবেন?
 
বিশেষজ্ঞদের মতে, ভিসা-ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকলেও প্রতিটি দেশের প্রবেশ-সংক্রান্ত নিয়ম, প্রয়োজনীয় নথি, ভ্রমণ বিমা, থাকার বুকিং এবং আর্থিক সামর্থ্যের শর্ত আলাদা হতে পারে। তাই বিদেশ সফরের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সরকারি নির্দেশিকা দেখে নেওয়া বা অভিজ্ঞ ট্রাভেল অ্যাডভাইজারের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ। সঠিক প্রস্তুতি থাকলে ভারতীয় পাসপোর্ট নিয়েই বিশ্বের একাধিক আকর্ষণীয় গন্তব্যে ভ্রমণ হয়ে উঠতে পারে আরও সহজ ও ঝামেলামুক্ত।


শেহতীয়া খবৰ