ভোটের ময়দানে এবার ‘শাবানা-ঝড়’! বসিরহাট দক্ষিণে মিমের একমাত্র মহিলা প্রার্থী ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে হেভিওয়েটদের

Story by  atv | Posted by  Aparna Das • 1 d ago
ভোটের ময়দানে এবার ‘শাবানা-ঝড়’! বসিরহাট দক্ষিণে মিমের একমাত্র মহিলা প্রার্থী ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে হেভিওয়েটদের
ভোটের ময়দানে এবার ‘শাবানা-ঝড়’! বসিরহাট দক্ষিণে মিমের একমাত্র মহিলা প্রার্থী ইতিমধ্যেই চিন্তায় ফেলেছে হেভিওয়েটদের
 
তরুণ নন্দী / কলকাতা

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে চুপিসাড়ে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়ার কৌশল নিচ্ছেন আসাদউদ্দিন ওয়াইসি। হায়দ্রাবাদের আসাদউদ্দিন ওয়াইসির দল ‘মিম’ (AIMIM) অত্যন্ত পরিকল্পনামাফিক ১২ জন প্রার্থীকে ময়দানে নামিয়ে নজর কেড়েছে। তবে এই তালিকার সবচেয়ে বড় চমক হল একমাত্র মহিলা প্রার্থী শাবানা পারভীন।
 
বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে শাবানার নাম ঘোষণা হতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। প্রার্থী হওয়ার পর থেকে শাবানা পারভীন গোটা বিধানসভা জুড়ে প্রচারে ঝড় তুলে দিয়েছেন। মিমের অস্তিত্ব প্রমাণ করতে তিনি সাজিয়ে ফেলেছেন ব্লুপ্রিন্ট।
 

সাধারণত সংখ্যালঘু রাজনীতিতে নারীদের প্রতিনিধিত্ব সীমিত দেখা গেলেও শাবানাকে সামনে এনে ওয়াইসি এক বাংলায় এক বড় রাজনৈতিক বার্তা দিয়েছেন। বসিরহাটের অলিতে-গলিতে ইতিমধ্যেই প্রচারের ঝড় তুলে শাবানা বোঝাতে শুরু করছেন লড়াইয়ের ময়দানে তিনিও আছেন।
 
জনসংযোগ থেকে ছোট ছোট মিটিংয়ে ভোটজয়ের ব্লু-প্রিন্ট তৈরি করা কিম্বা কর্মীদের মধ্যে আত্মবিশ্বাসের জোয়ার এনে বোঝালেন তিনি পরিপক্ক রাজনৈতিক ব্যক্তিত্ব। সব মিলিয়ে বলা যায়, শাবানা পারভীন এখন বসিরহাটের টক অব দ্য টাউন।
 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বসিরহাট দক্ষিণের জনবিন্যাসে ৪৬ বছর বয়সী শাবানার উপস্থিতি এক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। মনে করা হচ্ছে, সংখ্যালঘু ভোটব্যাঙ্কের একটি বড় অংশ শাবানার ঝুলিতে পড়ে গেলেই তবে সেই সমীকরণ কিন্তু শাসক দলের জন্য মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়াতে পারে।
 
শাবানা তার বডিল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছেন নিজে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। তাঁর বলিষ্ঠ বক্তব্য আর স্পষ্ট দৃষ্টিভঙ্গি প্রচারের কারণে এলাকার মানুষকে প্রভাবিত করতে শুরু করেছে। তিনি বোঝাতে সক্ষম হয়েছেন, প্রান্তিক মানুষের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছে দেওয়ার জন্য তিনি কতটা এগিয়ে।
 
মিম এবার মালদা, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরের পাশাপাশি উত্তর ২৪ পরগনার বসিরহাট দক্ষিণকে বিশেষ গুরুত্ব দিয়েছে। আসানসোল উত্তরে দানিশ আজিজ বা রঘুনাথগঞ্জে ইমরান সোয়াঙ্কির মতো শক্তিশালী প্রার্থীদের পাশাপাশি শাবানা পারভীন হয়ে উঠেছেন দলের ‘গ্ল্যামার এবং সাহস’-এর প্রতীক। এই কয়েকদিনে তাঁর প্রচারের ধরণ ছিল প্রকৃত জনসেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। তবে ভোট বাক্সে তার কতটা প্রতিফলন ঘটবে তা রেজাল্টের পরই বোঝা যাবে। 
 

বিগত বিহার নির্বাচনে মিম যে ম্যাজিক দেখিয়েছিল তা দেখেছে গোটা দেশ। এবার মিমের সেই ম্যাজিক  শাবানা পারভীনের হাত ধরে বাংলার মাটিতে তার পুনরাবৃত্তি হবে কি না, তার উত্তর বোধহয় সময়ই দিতে পারবে। তবে এ কথা বলতে দ্বিধা নেই যে, বসিরহাট দক্ষিণের মিমের এই একমাত্র নারী সৈনিক তৃণমূল ও বিজেপি শিবিরের কপালে চিন্তার ভাঁজ ফেলতে শুরু করে দিয়েছে।
 
শাবানা পারভীনের এই উত্থান আসলে বাংলার রাজনীতিতে নারী নেতৃত্বের আরেকটি ছবি। ২০২৬-এর নির্বাচনে এই পলিটিক্যাল থ্রিলারে শাবানা পারভীন যে মূল ফোকাসে থাকছে, তা নিয়ে বোধহয় আর কোনো সংশয় নেই।