পশ্চিম এশিয়া সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকে সরকারকে সমর্থনের আশ্বাস বিরোধী দলগুলোর: সংসদীয় বিষয়ক মন্ত্রী

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
পশ্চিম এশিয়া সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকে সরকারকে সমর্থনের আশ্বাস বিরোধী দলগুলোর: সংসদীয় বিষয়ক মন্ত্রী
পশ্চিম এশিয়া সংকট নিয়ে সর্বদলীয় বৈঠকে সরকারকে সমর্থনের আশ্বাস বিরোধী দলগুলোর: সংসদীয় বিষয়ক মন্ত্রী

নয়া দিল্লি ঃ
 
নয়া দিল্লির সংসদ ভবন প্রাঙ্গণে গতকাল সন্ধ্যায় পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে সরকার একটি সর্বদলীয় বৈঠক ডাকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকের সভাপতিত্ব করেন। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ পুরি, সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, জেডিইউ-এর কার্যনির্বাহী সভাপতি সঞ্জয় ঝা, রাজীব রঞ্জন (লালন) সিংসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে কিরেন রিজিজু সব দলের অংশগ্রহণকারী সদস্যদের ধন্যবাদ জানান এবং বলেন, বিরোধী নেতাদের উত্থাপিত সব প্রশ্ন ও উদ্বেগের জবাব সরকার দিয়েছে। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় সরকার যে পদক্ষেপ নেবে, তাতে সব বিরোধী দল সমর্থনের আশ্বাস দিয়েছে।

বৈঠকে কংগ্রেস নেতা মুকুল ওয়াসনিক ও তারিক আনোয়ার, সিপিআই(এম) সাংসদ জন ব্রিটাস, সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদবসহ অন্যান্য বিরোধী নেতারাও উপস্থিত ছিলেন। পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হয়, যা গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথে বিঘ্ন ঘটিয়েছে এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

এই সর্বদলীয় বৈঠকটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদে দেওয়া বক্তব্যের পর অনুষ্ঠিত হয়। তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী জানান, ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের প্রভাব কমাতে জ্বালানি, সরবরাহ শৃঙ্খল, সারসহ বিভিন্ন ক্ষেত্রে কৌশল নির্ধারণের জন্য সরকার সাতটি ক্ষমতাপ্রাপ্ত গোষ্ঠী গঠন করেছে।