কালবৈশাখীর দাপটে দেরি, আকাশে চক্কর কেটে কলকাতায় নামল অমিত শাহের বিমান

Story by  atv | Posted by  Aparna Das • 6 h ago
কালবৈশাখীর দাপটে দেরি, আকাশে চক্কর কেটে কলকাতায় নামল অমিত শাহের বিমান
কালবৈশাখীর দাপটে দেরি, আকাশে চক্কর কেটে কলকাতায় নামল অমিত শাহের বিমান
 
কলকাতা

শুক্রবার গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডবে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে কলকাতা ও তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। প্রবল ঝড়, বজ্রপাত এবং ভারী বৃষ্টির জেরে ব্যাহত হয় বিমান চলাচলও। এর ফলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতাগামী বিমান নির্ধারিত সময়ে নামতে পারেনি এবং প্রায় দু’ঘণ্টা বিলম্ব হয়।
 
বিমানবন্দর সূত্রে জানা যায়, দিল্লি থেকে রাত ১০টা ৪৬ মিনিটে রওনা দিয়েছিলেন শাহ। নির্ধারিত সময় অনুযায়ী রাত ১১টা ৪৬ মিনিটে কলকাতায় অবতরণের কথা থাকলেও আচমকা আবহাওয়ার অবনতি ঘটে। ঝড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির কারণে বিমান নামানো সম্ভব হয়নি।
 
ফলে বিমানটি দীর্ঘ সময় আকাশে চক্কর কাটতে থাকে। জানা গেছে, নৈহাটি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার আকাশসীমায় ঘুরতে থাকে সেটি। অবশেষে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে শনিবার ভোর ১টা ৪৬ মিনিটে নিরাপদে অবতরণ করে বিমানটি।
 
বিমান নামার পর প্রায় রাত ২টা নাগাদ কনভয়ে করে শহরের একটি হোটেলের উদ্দেশে রওনা দেন অমিত শাহ। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব। দলের এক নেতার কথায়, আবহাওয়ার কারণেই এই বিলম্ব, না হলে নির্ধারিত সময়েই পৌঁছনোর কথা ছিল।
 
এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। বৃহস্পতিবার অন্ডাল থেকে কলকাতায় ফেরার সময় প্রবল ঝড়ের কারণে তাঁর বিমানও প্রায় এক ঘণ্টা আকাশে চক্কর কাটে। পরে পরিস্থিতি অনুকূল হলে সেটি অবতরণ করতে সক্ষম হয়।
 
শনিবার নিউটাউনের একটি হোটেলে গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একটি ‘চার্জশিট’ প্রকাশ করার কথা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই পদক্ষেপ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
 
উল্লেখযোগ্যভাবে, গত কয়েক মাসে একাধিকবার পশ্চিমবঙ্গ সফরে এসেছেন শাহ। সংগঠন মজবুত করা, জনসভা করা এবং বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজ্যে দলের প্রভাব বাড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন তিনি। এখন দেখার, এই প্রচেষ্টা শেষ পর্যন্ত কতটা রাজনৈতিক ফল দেয়।