দিল্লির আকাশে ৫০০ বিশাল জাতীয় পতাকা! তেরঙ্গার মর্যাদা ও সৌন্দর্য বজায় রাখতে ২০০ কোটিরও বেশি বরাদ্দ
নয়াদিল্লি:
রাজধানী দিল্লির আকাশে গর্বের সঙ্গে উড়ছে ৫০০টি বিশালাকার জাতীয় পতাকা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তে প্রায় ১১৫ ফুট উঁচু ফ্ল্যাগপোলে শোভা পাচ্ছে তেরঙ্গা। কালকাজি, দ্বারকা, এইমস চত্বর, দিল্লি ক্যান্টনমেন্ট থেকে রাজীব গান্ধী স্টেডিয়াম—একাধিক জায়গায় জাতীয় পতাকার উপস্থিতি শহরের সৌন্দর্য ও দেশাত্মবোধের আবহকে আরও উজ্জ্বল করে তুলেছে। এই উদ্যোগের অন্যতম বিশেষ দিক হল, পতাকাগুলির মর্যাদা, পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখতে নেওয়া হয়েছে নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থা।
২০২১ সালে দিল্লির তৎকালীন আম আদমি পার্টি সরকারের ‘দেশভক্তি’ কর্মসূচির অধীনে শহরের ৫০০টি জায়গায় বিশাল জাতীয় পতাকা স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়। ২০২২ সালের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হয়। পতাকাগুলি স্থাপন করতে আনুমানিক ১৩০ কোটি টাকা খরচ হয়েছিল। পরবর্তী সময়ে সেগুলির রক্ষণাবেক্ষণ ও নতুন পতাকা সরবরাহের জন্যও ধারাবাহিকভাবে বরাদ্দ রাখা হয়েছে।
এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে রক্ষণাবেক্ষণের জন্য দরপত্রের আনুমানিক মূল্য ছিল ২২ কোটি ৩১ লক্ষ টাকা। ২০২৫ সালে তা বেড়ে দাঁড়ায় ২৬ কোটি ৫৩ লক্ষ টাকা। ২০২৬ সালের সেপ্টেম্বরে প্রকাশিত সর্বশেষ দরপত্রে এই খাতে আনুমানিক ৩৩ কোটি ৪৮ লক্ষ টাকা বরাদ্দের কথা উঠে এসেছে। সব মিলিয়ে স্থাপন ও রক্ষণাবেক্ষণ বাবদ মোট ব্যয়ের হিসাব ২০০ কোটি টাকা ছাড়িয়েছে।
দিল্লির ধুলো, দূষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিশালাকার পতাকাগুলির নিয়মিত পরিচর্যা প্রয়োজন। সেই কথা মাথায় রেখেই নতুন রক্ষণাবেক্ষণ পরিকল্পনায় প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে পতাকা পরিবর্তনের ব্যবস্থা রাখা হয়েছে। দু’বছরে মোট ১০ হাজার নতুন পতাকা সরবরাহের প্রস্তাব রয়েছে। পাশাপাশি ২০টি মোটরবাইক-চালিত পরিদর্শক দল নিয়মিত পতাকাগুলির অবস্থা পর্যবেক্ষণ করবে।
জাতীয় পতাকা কেবল একটি প্রতীক নয়, দেশের ঐক্য, স্বাধীনতা ও গৌরবের পরিচয়। রাজধানীর বিভিন্ন প্রান্তে বিশাল তেরঙ্গার উপস্থিতি সেই গর্বের বার্তাই পৌঁছে দিচ্ছে সাধারণ মানুষের কাছে। আর নিয়মিত পরিচর্যার উদ্যোগের মাধ্যমে জাতীয় পতাকার মর্যাদা ও সৌন্দর্য অক্ষুণ্ণ রাখার চেষ্টা করা হচ্ছে।