নয়াদিল্লি ঃ
ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাঁচ দিনব্যাপী বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন শুরু হয়েছে। কর্মসংস্থান, শিশু নিরাপত্তা, প্রযুক্তি নিয়ন্ত্রণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশ্বিক শাসন কাঠামো গড়ে তোলার প্রশ্নকে সামনে রেখে সোমবার এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
‘এআই ইমপ্যাক্ট সামিট’ নামে আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হলো কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার, নিয়ন্ত্রণ ও নৈতিক মানদণ্ড নিয়ে একটি বৈশ্বিক যৌথ রূপরেখা তৈরি করা। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রায় আড়াই লাখ দর্শনার্থী এতে অংশ নিচ্ছেন। পাশাপাশি ২০ জন রাষ্ট্র বা সরকারপ্রধান এবং ৪৫টি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল উপস্থিত রয়েছেন।
প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিদের উপস্থিতিও সম্মেলনকে বিশেষ গুরুত্ব দিয়েছে। ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এতে অংশ নিচ্ছেন। তবে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং পূর্বনির্ধারিত সফর বাতিল করেছেন বলে আয়োজকেরা জানিয়েছেন।
সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী মোদি একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এর মধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত হয়েছে। এসব বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বৈশ্বিক সহযোগিতা জোরদার এবং আগামী দশকে এই খাতে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠার কৌশল নিয়ে আলোচনা হবে।
নিরাপত্তা ইস্যু সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ডিপফেক প্রযুক্তির মাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো এবং ক্ষতিকর কনটেন্ট তৈরির ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অংশগ্রহণকারীরা। জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা সহজেই বিভ্রান্তিকর বা ক্ষতিকর উপাদান তৈরি করতে সক্ষম হওয়ায় শিশু নিরাপত্তা এখন বড় উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে।
এই সম্মেলনকে বৈশ্বিক প্রযুক্তি মানচিত্রে ভারতের অবস্থান আরও দৃঢ় করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।