১৬ মার্চে ৩৭টি রাজ্যসভা আসনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 1 d ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
নয়াদিল্লি ঃ

বিধানসভা নির্বাচনের আগেই রাজ্যসভা নির্বাচনের দিন ঘোষণা করল ভারতের নির্বাচন কমিশন। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৬ মার্চ দেশের ৩৭টি আসনে রাজ্যসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। চলতি বছরের এপ্রিল মাসে ১০টি রাজ্যের মোট ৩৭টি আসন খালি হচ্ছে। 

মহারাষ্ট্রে ৭টি, ওড়িশায় ৪টি, তামিলনাড়ুতে ৬টি, পশ্চিমবঙ্গে ৫টি, অসমে ৩টি, বিহারে ৫টি, ছত্তিশগড়ে ২টি, হরিয়ানায় ২টি, হিমাচল প্রদেশে ১টি এবং তেলেঙ্গানায় ২টি রাজ্যসভা আসন রয়েছে। পশ্চিমবঙ্গ থেকে পাঁচটি আসনে ভোট হবে। মৌসম বেনজির নূরের ইস্তফার কারণে একটি আসন আগেই শূন্য রয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের সাকেত গোখলে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী এবং বামফ্রন্টের বিকাশরঞ্জন ভট্টাচার্যের মেয়াদ শেষ হচ্ছে।অসমের তিন রাজ্যসভা সাংসদ—রামেশ্বর তেলী, ভুবনেশ্বর কলিতা এবং অজিত ভূঞার—কার্যকাল চলতি বছরের এপ্রিল মাসে শেষ হবে।

রাজ্যসভা নির্বাচনে জয়ের জন্য প্রয়োজন ৫০ জন বিধায়কের সমর্থন। বিধানসভায় তৃণমূলের ২০০-র বেশি বিধায়ক থাকায় চারটি আসনে তাদের সুবিধা স্পষ্ট। অন্যদিকে বিজেপির ৬৫ বিধায়ক থাকায় পঞ্চম আসনে তাদের জয়ের সম্ভাবনা জোরালো। যদিও এখনও কোনও দলই প্রার্থীর নাম ঘোষণা করেনি।
 
কমিশন জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৫ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ৯ মার্চ। ১৬ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট হবে এবং সেদিনই বিকেল ৫টার পর গণনা শুরু হবে ২০ মার্চে এই নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হবে।