ভোটের মুখে রেশন দুর্নীতি মামলায় ইডির সমন, ২২ এপ্রিল হাজিরার নির্দেশ অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ
ভোটের আবহে ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তলব পেলেন অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ নুসরত জাহান। রেশন দুর্নীতি মামলার তদন্তে আগামী ২২ এপ্রিল তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরুর ঠিক আগেই এই সমন ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, একটি বিশেষ সূত্রের ভিত্তিতে এই মামলায় নুসরতের নাম উঠে এসেছে। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচার সংক্রান্ত অভিযোগ ওঠার সময় তিনি বসিরহাটের সাংসদ ছিলেন। সেই সময় কোনও আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাঁকে তলব করা হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি।
প্রথমে কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হলেও, পরে শোনা যাচ্ছে অভিনেত্রী নিজেই দিল্লির ইডি দপ্তরে হাজিরা দেওয়ার আবেদন জানিয়েছেন। ফলে শেষ পর্যন্ত তিনি কলকাতা না দিল্লি—কোথায় হাজিরা দেবেন, তা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, এর আগেও ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরত জাহানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ইডি। এবার পুরনো রেশন দুর্নীতি মামলায় ফের তাঁর নাম উঠে আসায় নতুন করে তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা।এদিকে, ব্যক্তিগত জীবনে অভিনেত্রী বর্তমানে বিদেশ সফরে রয়েছেন বলে জানা গেছে। সামাজিক মাধ্যমে তাঁর ভ্রমণের নানা মুহূর্তও সামনে এসেছে। এই পরিস্থিতিতেই ইডির সমন ঘিরে জল্পনা আরও তীব্র হয়েছে।
তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত নুসরত জাহানের কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।