নির্বাচনের আবহেই বাংলার সাঁতার প্রেমীরা পেলেন এক সুখবর। রাজনৈতিক ময়দান থেকে বহুদূরে নীল জলের কোলেই কঠোর সাধনায় মগ্ন সাঁতারু আফরিন জাবি। আলীগড় মুসলিম বিশ্ববিদ্যলয়ের প্রথম ছাত্রী পশ্চিম মেদিনীপুরের বর্তমান 'ইলেকশান আইকন' বাংলা ও ভারতের গর্ব আফরিন জাবি আগামী মে মাসে শ্রীলংকা ভারতের মাঝামাঝি ভারত মহাসাগরের পক প্রণালী অতিক্রম করতে চলেছেন। মে মাসের ৪ থেকে ১৪ তারিখের যে দিন আবহাওয়া সুবিধাজনক থাকবে সেই দিন চ্যানেল কর্তৃপক্ষ তাঁকে জলে নামার নির্দেশ দেবেন।
ইংলিশ চ্যানেল পার হওয়ার এ বার তাঁর টার্গেট শ্রীলঙ্কা ও ভারতের মাঝামাঝি ভারত মহাসাগরের পক প্রণালী জয়। পয়লা মে তিনি এই চ্যানেল জয় করার উদ্দেশ্যে নিয়ে বাড়ি থেকে যাত্রা শুরু করবেন। যাবেন চেন্নাইয়ে রামেশ্বরমে। যেখান থেকে তার এই অভিযান শুরু হবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই ১৩ ঘণ্টা ৪৫ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তিনি। এবার ৮ থেকে ১০ ঘণ্টার মধ্যে এই পক প্রনালী অতিক্রম করার টার্গেট রেখেছেন ২৩ বছর বয়সী সাতারু আফরিন জাবি।
ইংলিশ চ্যানেল জয়ী আফরিন এখন দিনরাত মেদিনীপুর সুইমিং পুলে প্রাকটিস করে চলেছেন।আফরিন বলছেন, "জানি এই চ্যানেল অতিক্রম করার কাজটা সহজ হবে না। যাত্রা পথে যেমন রয়েছে প্রবল স্রোত তেমনি তাপমাত্রারও রয়েছে ওঠানামা। তাছাড়া জেলি ফিসের আতঙ্কও আছে। সে সব মোকাবেলা করেই আমাকে এগোতে হবে।"
আগামী মাসের অর্থাৎ মে মাসের ৪ থেকে ১০ তারিখের মধ্যে তিনি পক প্রণালী জয় করার লক্ষ্য নিয়ে নামবেন। এই এই দিনগুলোর মধ্যে যেদিন আবহাওয়া সুবিধাজনক হবে সে দিন ভারতের নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করবেন আফরিন।
ইংলিশ চ্যানেল তিনি অতিক্রম করেছিলেন সম্পূর্ণ নিজের খরচে। খরচ হয়েছিল ৩০ লক্ষ টাকা। টাকাটা এসেছিল বাবার বিসনেস থেকে জমানো টাকায়। এবার অবশ্য তা হচ্ছে না। আফরিনের এই চ্যানেলের খরচ এবার ৬ লক্ষ টাকা। এই টাকাটা সবটাই বহন করবে তারই শহরের মেদিনীপুর আই রোটারি হসপিটাল।
আফরিনের বাড়ি মেদিনীপুরের দেওয়ান বাবার চকে। বাবা শেখ পিয়ার আলি এবং মা সাবিনা পারভিন মেয়ের সাঁতারের জন্য সব সময় সব রকম সহযোগিতা করেন। আফরিন কথায় কথায় জানিয়েছেন, কোনির ক্ষিদ্দার মতো তাঁর জীবনে দিশা দেখানোর জন্য রয়েছেন তাঁর বাবা পিয়ার। প্রবল জলস্রোতের মুখেও যিনি সাহস জুগিয়ে চিয়ার করেন- 'ফাইট জাবি, ফাইট।'
২০২৫ সালের ২৯ জুলাই ইংলিশ চ্যানেল জয় করেছিলেন আফরিন। কঠোর শারীরিক পরিশ্রম, জেদ, মানসিক দৃঢ়তাই তাঁর হাতিয়ার। সেই সাধনার ভরসাতেই পক প্রণালী জয়ের পথে এগিয়ে যেতে চান বাংলার অন্যতম প্রতিভাবান সাঁতারু, আফরিন জাবি।