পদ্মাসনে বাংলা: উত্তর থেকে দক্ষিণে গেরুয়া ঝড়, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণে নতুন ইতিহাস

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Aparna Das • 19 h ago
পদ্মাসনে বাংলা: উত্তর থেকে দক্ষিণে গেরুয়া ঝড়, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণে নতুন ইতিহাস
পদ্মাসনে বাংলা: উত্তর থেকে দক্ষিণে গেরুয়া ঝড়, শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণে নতুন ইতিহাস
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

বাংলার রাজনৈতিক মানচিত্রে যেন এক ঐতিহাসিক অধ্যায় রচিত হল। উত্তরবঙ্গের পাহাড় থেকে দক্ষিণবঙ্গের সমতল, রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত পদ্মঝড়ে কার্যত তছনছ হয়ে গেল ঘাসফুলের বহুদিনের সাজানো বাগান। জনতার রায়ে স্পষ্ট, তোষণ, দুর্নীতি, বেকারত্ব, রাজনৈতিক হিংসা ও আর জি করের মতো একাধিক ইস্যুতে জমে থাকা ক্ষোভ এবার বিস্ফোরিত হয়েছে ব্যালট বাক্সে। বাংলার মানুষ বদলা নয়, বদল বেছে নিয়ে ইতিহাসের নতুন দিশা দেখালেন।
 
নয়টি জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, একডজনেরও বেশি মন্ত্রীর পরাজয়, এই ফল শুধু নির্বাচনী বিপর্যয় নয়, এটি দীর্ঘদিনের জনঅসন্তোষের কঠোর রাজনৈতিক জবাব। উত্তর থেকে দক্ষিণে বহু শক্ত ঘাঁটি ভেঙে পড়েছে, যা প্রমাণ করে মানুষের রায় এবার সংগঠিত ক্ষোভের প্রতিফলন। শিক্ষক নিয়োগ দুর্নীতি, প্রশাসনিক অস্বচ্ছতা, বেকার যুবসমাজের হতাশা, নারী নিরাপত্তা ও রাজনৈতিক সন্ত্রাস, সব মিলিয়ে বাংলার ভোটাররা স্পষ্ট বার্তা দিয়েছেন, উন্নয়ন ও স্বচ্ছতার দাবিই এখন প্রধান।
ভোট থেকে গণনা, প্রতিটি ধাপে নির্বাচন কমিশনের কড়া ভূমিকা এই নির্বাচনের অন্যতম বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিরোধী শিবিরের দাবি, নিরপেক্ষ ভোটপর্ব নিশ্চিত করতেই কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় উপস্থিতি ছিল “ম্যান অফ দ্য ম্যাচ”। গণনার পর নবান্ন-সহ গুরুত্বপূর্ণ সরকারি দফতরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের জল্পনা প্রশাসনিক স্তরে চাপ আরও বাড়িয়েছে। সম্ভাব্য ফাইল লোপাট বা গুরুত্বপূর্ণ নথি সরানোর আশঙ্কাও রাজনৈতিক মহলে চর্চার বিষয়।
 
দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তায় উঠে এসেছে নতুন বাংলার রূপরেখা, “বদলা নয়, বদল চাই।” তাঁর বক্তব্যে স্পষ্ট, বাংলাকে বিভাজন বা ভয়ের রাজনীতি থেকে বের করে উন্নয়ন, বিশ্বাস ও স্থিতিশীলতার পথে নিয়ে যাওয়াই লক্ষ্য। মোদীর কণ্ঠে “অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ” ভাবনার বাস্তব প্রতিফলন যেন আরও জোরালো হয়েছে। পূর্ব ভারতের রাজনৈতিক মানচিত্রে বিজেপির বিস্তার এখন আর শুধু কৌশল নয়, বাস্তব শক্তির রূপ নিচ্ছে। 
 
বিজেপি দলের সদস্যদের একটি দৃশ্য
 
এই ফলাফলের সবচেয়ে বড় প্রতীকী তাৎপর্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন পূরণ। যে বাংলায় একসময় জনসংঘের আদর্শ ছিল প্রান্তিক, সেই বাংলায় আজ গেরুয়া শিবিরের এই উত্থান নিঃসন্দেহে ঐতিহাসিক। দীর্ঘদিনের সাংগঠনিক লড়াই, আদর্শিক অবস্থান এবং মোদি-শাহ যুগলের কৌশল মিলিয়ে বাংলা আজ এক নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি।
 
বাংলার মানুষ যেন বুঝিয়ে দিলেন, তারা আর সংঘাত নয়, স্থায়ী পরিবর্তন চান; আর প্রতিশোধ নয়, পুনর্গঠন চান। “ভয় নয়, ভরসা”, এই বার্তাকেই সামনে রেখে নতুন প্রশাসনিক অধ্যায় শুরু হওয়ার ইঙ্গিত স্পষ্ট।
পদ্মাসনে বাংলা, এই মুহূর্তে তা আর শুধু রাজনৈতিক স্লোগান নয়, বরং বাংলার পরিবর্তিত জনমতের প্রতীক। শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণ করে বাংলায় গেরুয়া উত্থান যদি চূড়ান্ত বাস্তবতায় পরিণত হয়, তবে তা শুধু সরকার বদল নয়, বরং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী পালাবদল হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।