বোতলবন্দি জলেই ব্যাকটেরিয়ার হদিস! জলপাইগুড়ির কারখানায় পরীক্ষায় ব্যর্থ বিসলেরি, আইনি পদক্ষেপের পথে এফএসএসএআই

Story by  atv | Posted by  Aparna Das • 8 h ago
বোতলবন্দি জলেই ব্যাকটেরিয়ার হদিস! জলপাইগুড়ির কারখানায় পরীক্ষায় ব্যর্থ বিসলেরি, আইনি পদক্ষেপের পথে এফএসএসএআই
বোতলবন্দি জলেই ব্যাকটেরিয়ার হদিস! জলপাইগুড়ির কারখানায় পরীক্ষায় ব্যর্থ বিসলেরি, আইনি পদক্ষেপের পথে এফএসএসএআই
 
কলকাতা

বোতলবন্দি পানীয় জল মানেই নিরাপত্তার নিশ্চয়তা, সেই বিশ্বাসেই বড়সড় ধাক্কা। বাংলার বাজারেও এবার প্রশ্নের মুখে জনপ্রিয় জল প্রস্তুতকারী সংস্থা বিসলেরি। জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামের কারখানা থেকে সংগৃহীত পানীয় জলের নমুনায় মিলেছে কলিফর্ম ব্যাকটেরিয়া। দুটি পৃথক পরীক্ষাগারেই এই ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ায় সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)।
 
সর্বভারতীয় সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, তেলিপাড়ার কারখানা থেকে সংগ্রহ করা জলের নমুনা প্রথমে প্রাথমিক পরীক্ষাগারে পাঠানো হয়। সেখানে পরীক্ষার পর নমুনাটি রেফারেল ফুড ল্যাবরেটরিতেও পাঠানো হয়েছিল। দুই পরীক্ষার ফলাফলেই জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত হয়েছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, পানীয় জলের পাইপে কোনও ফাটল বা ফুটো থাকার কারণে নর্দমার জল মিশে গিয়ে এই দূষণ ঘটতে পারে।
 
জানা গিয়েছে, দূষিত জলের নমুনাটি ছিল ‘PB 201’ ব্যাচের। পরীক্ষার রিপোর্ট সামনে আসার পর ওই ব্যাচের জল বিক্রি বন্ধ করা হয়েছে। পাশাপাশি, সংস্থার বিরুদ্ধে মামলা শুরুর অনুমোদন দিয়েছে এফএসএসএআই। যদিও এই অভিযোগ নিয়ে এখনও পর্যন্ত বিসলেরি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি।
 
তবে বিসলেরির বিরুদ্ধে এটাই প্রথম অভিযোগ নয়। এর আগেও সংস্থার একটি উৎপাদন ইউনিট থেকে সংগ্রহ করা প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটারের নমুনা পরীক্ষায় একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়েছিল। প্রথম পরীক্ষায় জলে ব্রোমেটের মাত্রা নির্ধারিত নিরাপদ সীমার তুলনায় অনেক বেশি পাওয়া যায়। উল্লেখ্য, জল পরিশোধনের সময় ওজোনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় ব্রোমেট তৈরি হতে পারে। পানীয় জলে এর সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম।
 
এই রিপোর্টের ভিত্তিতে এফএসএসএআই সংশ্লিষ্ট জলকে পান করার অনুপযুক্ত বলে ঘোষণা করে। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে বিসলেরি। এরপর নমুনা পাঠানো হয় রেফারেল ফুড ল্যাবরেটরিতে। কিন্তু সেখানেও স্বস্তি মেলেনি সংস্থার। দ্বিতীয় পরীক্ষায় জলে পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (PAHs)-এর উপস্থিতি ধরা পড়ে। ব্রোমেট এবং PAHs, দুটিই সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক হিসেবে পরিচিত।
 
পরপর পরীক্ষায় একাধিক অনিয়ম সামনে আসার পর সংশ্লিষ্ট পানীয় জলকে ফের ‘নিরাপদ নয়’ বলে ঘোষণা করে এফএসএসএআই। এবার জলপাইগুড়ির কারখানার নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়ায় সংস্থার আইনি জটিলতা আরও বাড়ল। বোতলবন্দি জলের গুণমান ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে এই ঘটনায়।


শেহতীয়া খবৰ