তামিলনাড়ুঃ
তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন চন্দ্রশেখর জোসেফ বিজয়, যিনি বিজয় থালাপতি নামেও পরিচিত। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে টানা পাঁচ দিন রাজনৈতিক আলোচনা এবং রাজ্যপালের সঙ্গে একাধিক দফা বৈঠক করেন বিজয়। শেষ পর্যন্ত কংগ্রেস, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের একাধিক বিধায়কের সমর্থন নিয়ে তিনি প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।
সমর্থন জোটে যুক্ত হয় কংগ্রেসের পাঁচজন, বিদুথালাই চিরুথাইগাল কাচ্চির দুইজন, কমিউনিস্ট পার্টির দুইজন এবং মুসলিম লীগের দুইজন বিধায়ক। এই সমর্থনের ফলে বিজয়ের নেতৃত্বাধীন জোটের সদস্য সংখ্যা দাঁড়ায় ১২০ জনে।নির্বাচনে দুটি আসনে জয়ী হওয়ায় বিজয়কে একটি আসন ছাড়তে হবে বলে জানা গেছে।শনিবার তিনি রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার-এর সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান।প্রায় ৬০ বছর পর তামিলনাড়ু-তে এটি প্রথম সরকার, যা ডিএমকে বা এআইএডিএমকে-র বাইরে গঠিত হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সরকারের মাধ্যমে প্রায় ছয় দশক পর তামিলনাড়ুতে দ্রাবিড় মুনেত্র কড়গম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কড়গম-এর বাইরে অন্য কোনো দল রাজ্যের ক্ষমতায় এসেছে, যা রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।