সুন্দরবনে পর্যটন পরিষেবা বন্ধ ১৭ থেকে ২২ জুন, জারি বিশেষ নির্দেশিকা

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 2 d ago
সুন্দরবনে পর্যটন পরিষেবা বন্ধ ১৭ থেকে ২২ জুন, জারি বিশেষ নির্দেশিকা
সুন্দরবনে পর্যটন পরিষেবা বন্ধ ১৭ থেকে ২২ জুন, জারি বিশেষ নির্দেশিকা
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

পর্যটকদের জন্য সাময়িকভাবে বন্ধ হতে চলেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ম্যানগ্রোভ অরণ্য ও পর্যটনকেন্দ্র সুন্দরবন। প্রশাসনিক কাজের স্বার্থে আগামী ১৭ জুন থেকে ২২ জুন পর্যন্ত সুন্দরবনে পর্যটন সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই মর্মে একটি সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই সময়কালে সুন্দরবন টাইগার রিজার্ভে কোনও ধরনের পর্যটন কার্যক্রম পরিচালিত হবে না। ফলে পর্যটকদের জন্য বোট বুকিং, হোটেল বা লজ বুকিং এবং বিভিন্ন পর্যটন কেন্দ্রের টিকিট ইস্যু সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। একই সঙ্গে বন্ধ রাখা হবে অনলাইন বুকিং ব্যবস্থাও।
 
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দিষ্ট কিছু প্রশাসনিক ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ সম্পন্ন করার উদ্দেশ্যেই এই সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ১৬ জুন এবং ২৩ জুন সাপ্তাহিক ছুটির দিন ধরলে কার্যত প্রায় এক সপ্তাহ পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে সুন্দরবনে।এছাড়াও, সুন্দরবনের বিভিন্ন ইকো-ট্যুরিজম স্পটের জন্য এই সময়ের মধ্যে কোনও পাস ইস্যু করা হবে না। সমস্ত বোট মালিক, পর্যটন সংস্থা, ট্যুর অপারেটর, হোটেল ও লজ মালিকদের সরকারি নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
 
প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদেরও অনুরোধ করা হয়েছে, এই সময়ের মধ্যে সুন্দরবন ভ্রমণের পরিকল্পনা না করতে এবং বুকিং সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকতে। কারণ, কোনও ধরনের পর্যটন পরিষেবা চালু থাকবে না।তবে পর্যটকদের জন্য স্বস্তির খবর, আগামী ২৪ জুন থেকে স্বাভাবিক নিয়মে সুন্দরবনের সমস্ত পর্যটন পরিষেবা পুনরায় চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফলে বর্ষার মরশুমে সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আগ্রহী পর্যটকদের আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।
 
প্রসঙ্গত, দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক প্রতি বছর সুন্দরবনে ভিড় জমান। রয়্যাল বেঙ্গল টাইগার, বিস্তীর্ণ ম্যানগ্রোভ অরণ্য, নদী-খাঁড়ি এবং জীববৈচিত্র্যের টানে এই পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গের অন্যতম আকর্ষণ। তাই সাময়িক এই বন্ধের সিদ্ধান্ত পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের কাছে গুরুত্বপূর্ণ হলেও, প্রশাসনের মতে দীর্ঘমেয়াদে সুন্দরবনের সুষ্ঠু পরিচালনা ও সংরক্ষণের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


শেহতীয়া খবৰ