Story by Nurul Haque | Posted by Aparna Das • 1 Months ago
হিন্দু–মুসলিম ঐক্যের ৪০০ বছরের নিদর্শন আগরতলার গাজী বাবার মাজার
নুরুল হক / আগরতলা
৪০০ বছর যাবত হিন্দু মুসলিম যৌথ কমিটির দেখাশোনায় সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে আসছে ত্রিপুরার রাজধানী আগরতলার গাজী বাবার মাজার শরীফ। আগরতলার জয়পুরে রয়েছে এই মাজার। ৪০০ বছর পুরনো এই মাজারে শুরু থেকেই এলাকার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজনের বিশ্বাস এবং আস্থা রয়েছে।
দিন যত পার হয়েছে মাজারের দেখাশোনা এবং পরিচালনার দায়িত্বে মুসলিমদের পাশাপাশি থেকেছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন। মাজার পরিচালন কমিটিতেও উভয় সম্প্রদায়ের লোকজন মিলেমিশে রয়েছেন। পাশাপাশি গত ১০ বছর যাবত মাজারে বাৎসরিক ওরস পরিচালন কমিটির চল্লিশ জনের কমিটিতে কখনো সভাপতি মুসলিম হয়েছেন তো সম্পাদক হয়েছেন হিন্দু ধর্মের লোক।
রাজধানীর বুকে এই মাজারের প্রতি এলাকার লোকেদের অগাধ বিশ্বাস এবং আস্তা সম্প্রীতি রক্ষার এক দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রতিবছরের ন্যায় এ বছরও গাজী বাবার মাজার শরীফে অনুষ্ঠিত হতে চলছে বাৎসরিক ওরশ এবং মিলন মেলা।
এই অনুষ্ঠানকে সামনে রেখে ৪০ জনের একটি কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতি রয়েছেন সুবল দাস, সহ-সভাপতি হয়েছেন শাজাহান মিয়া, সম্পাদক কামাল হোসেন সবাই এলাকার উভয় সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিত্ব। আগামী দিনের ওরস এবং মিলন মেলাকে সামনে রেখে রবিবার সন্ধ্যায় মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় একটি সাংবাদিক সম্মেলন।
সাংবাদিক সম্মেলনে মাজার পরিচালন কমিটির সভাপতি সুবল দাস বলেন প্রতিবছরের মত এবারও গাজী বাবার মাজারে ওরস কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১৬ থেকে ১৯ তারিখ পর্যন্ত চারদিন চলবে অনুষ্ঠান। এই চার দিন মাজার প্রাঙ্গনে মিলন মেলার আয়োজন করা হয়েছে। সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি মাজার কমিটি মানব সেবামূলক কর্মসূচি হিসেবে ওরস উপলক্ষে রক্তদানের আয়োজন করবে। থাকবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান।
মাজার পরিচালন কমিটি
সভাপতি সুবল দাস বলেন আগামী দিনের ওরস এবং মাজারের অনুষ্ঠানে সর্ব ধর্মের লোকজন এই মিলন মেলায় অংশগ্রহণ করবেন। তিনি আরো বলেন বিভিন্ন ধর্মের লোকজন এই মাজারকে সম্মান করেন এবং মাজারের গাজী বাবার প্রতি আস্থা রাখেন। তারা সারা বছরই মাজারের বাবার কাছে বিভিন্ন ধরনের মন্নত করেন এবং সেগুলি পূরণ হওয়ার পর মাজারে নিজের সাধ্যমত দান খয়রাত করেন। আগামী দিনের অনুষ্ঠানেও বৃহৎ অংশের লোকের সমাগম হবে বলে আয়োজক কমিটি আশাবাদী রয়েছে।
আয়োজক কমিটির বিবরণ অনুযায়ী রক্তদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন এলাকার বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কাউন্সিলার তুষার কান্তি ভট্টাচার্য, নিতু দে ঘোষ, বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ভট্টাচার্য ও জসীম উদ্দিন। আগরতলা রাজধানীতে মাজারের ওরসে এই সম্প্রীতির মিলন মেলাকে কেন্দ্র করে সম্প্রীতি প্রিয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। তিন দিন ব্যাপী অনুষ্ঠানে রাজ্যের সমস্ত অংশের নাগরিকদের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে পরিচালন কমিটি