বাংলাদেশ,দিনাজপুর ঃ
বাংলাদেশের দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় পুকুর খননের সময় একটি প্রাচীন কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, মাটির নিচে দীর্ঘদিন ধরে চাপা পড়ে থাকা এই মূর্তিটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে।
বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার ‘বালা পুকুর’ খননকাজ চলাকালে এই মূর্তির সন্ধান পাওয়া যায়। পুকুরটি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মালিকানাধীন বলে জানা গেছে।
এবিষয়ে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, উদ্ধার হওয়া মূর্তিটি একটি বিষ্ণু মূর্তি বলে নিশ্চিত হওয়া গেছে। বর্তমানে এটি থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের অনেকে মনে করছেন, এই মূর্তি উদ্ধারের মাধ্যমে এলাকার মাটির নিচে আরও প্রাচীন নিদর্শন থাকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ফলে বিষয়টি নিয়ে প্রত্নতত্ত্ব সংশ্লিষ্টদের তদন্ত ও অনুসন্ধানের দাবি জানিয়েছেন তারা।