নারীর মর্যাদায় আপস নয়: ‘আইটেম গান’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Sudip sharma chowdhury • 8 h ago
নারীর মর্যাদায় আপস নয়: ‘আইটেম গান’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের
নারীর মর্যাদায় আপস নয়: ‘আইটেম গান’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত শ্রেয়া ঘোষালের
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ 

ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল নাম শ্রেয়া ঘোষাল। তাঁর সুরেলা কণ্ঠে প্রেমের গান, আধুনিক কিংবা ধ্রুপদী— সব ধরনের গানই পেয়েছে আলাদা মাত্রা। দুই দশকেরও বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে তিনি জয় করেছেন আসমুদ্রহিমাচল শ্রোতাদের মন। তবে সম্প্রতি নিজের পেশাজীবন নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে নতুন করে আলোচনায় উঠে এসেছেন এই জনপ্রিয় গায়িকা।
 
সম্প্রতি এক আলোচনামূলক অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রেয়া জানিয়েছেন, ভবিষ্যতে তিনি আর সেই ধরনের ‘আইটেম গান’ গাইবেন না যেখানে নারীদের অবমাননাকর বা ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করা হয়। তাঁর এই মন্তব্যে সঙ্গীত জগতে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।
 
২০১২ সালে 'অগ্নিপথ' ছবিতে শ্রেয়ার গাওয়া বিখ্যাত গান 'চিকনি চমেলি' ছিল এক যুগান্তকারী সাফল্য। অভিনেত্রী ক্যাটরিনা কাইফ-এর দুর্দান্ত নাচ এবং শ্রেয়ার শক্তিশালী কণ্ঠের মেলবন্ধনে গানটি আজও পার্টি বা উৎসবের অন্যতম আকর্ষণ। কিন্তু এই সাফল্যের পরই তাঁর কাছে একের পর এক এমন গানের প্রস্তাব আসতে শুরু করে, যেগুলোর কথায় নারীদের প্রতি অসম্মানজনক ইঙ্গিত ছিল।
 
এক সাক্ষাৎকারে শ্রেয়া বলেন, “চিকনি চামেলি অবশ্যই একটি ভালো গান ছিল। কিন্তু এরপর আমাকে এমন অনেক গান গাওয়ার প্রস্তাব দেওয়া হয় যেখানে মহিলাদের কেবল ভোগ্যপণ্য হিসেবে দেখানো হয়েছে। অনেক সময় গানের কথা এতটাই কুরুচিকর ছিল যে সেগুলো গাইতে আমার অস্বস্তি লাগত।”
 
একটি বিশেষ ঘটনার কথাও তিনি উল্লেখ করেন। শ্রেয়ার দাবি, তাঁর এক সুরকার বন্ধু তাঁকে এমন একটি গান গাওয়ার প্রস্তাব দিয়েছিলেন যার কথায় ছিল— “আমাকে চিকেন বানিয়ে খেয়ে নাও।” শুধু এই শব্দগুলো কল্পনা করেই তিনি অস্বস্তি অনুভব করেছিলেন এবং সঙ্গে সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দেন। যদিও তিনি কারও নাম প্রকাশ করেননি, তবে বলিউডের জনপ্রিয় গান 'ফেভিকল সে'-এর একটি লাইনের সঙ্গে সেই প্রসঙ্গের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। গানটি ছিল 'দাবাং ২' ছবির এবং এটি গেয়েছিলেন মমতা শর্মা।
 
তবে অতীতে গাওয়া ‘আইটেম নাম্বার’ নিয়ে কোনো অনুশোচনা নেই বলেই জানিয়েছেন শ্রেয়া। তাঁর কথায়, “আমি লজ্জিত নই। সেই সময় আমি গানটি গেয়েছিলাম এবং সেটা আমারই গান। কিন্তু এখন আমি সচেতনভাবে সিদ্ধান্ত নিয়েছি, এমন গান আর গাইব না যেখানে নারীর সম্মান ক্ষুণ্ণ হয়।”তিনি আরও বলেন, মাঝে মাঝে ছোট ছোট শিশুদের ওই ধরনের গানের তালে নাচতে দেখলে তাঁর অস্বস্তি হয়। “তখন আমি কখনও কখনও চোখ বন্ধ করে ফেলি,”— মন্তব্য করেন গায়িকা।
 
বর্তমানে নিজের পছন্দমতো গান এবং সৃষ্টিশীল কাজেই বেশি মন দিচ্ছেন শ্রেয়া। সম্প্রতি জনপ্রিয় গায়ক আরমান মালিক-এর সঙ্গে তাঁর নতুন গান 'ইয়ে গুজার দো' প্রকাশ পেয়েছে। সেখানে আবারও শ্রোতাদের মুগ্ধ করেছে তাঁর কণ্ঠের জাদু।
সব মিলিয়ে বলা যায়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজের শিল্পীসত্তা এবং সামাজিক দায়বদ্ধতার মধ্যে ভারসাম্য বজায় রাখার পথই বেছে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। তাঁর এই সিদ্ধান্ত ভবিষ্যতে হিন্দি ছবির গানের ধরণ নিয়েও নতুন করে ভাবনার সুযোগ তৈরি করতে পারে।