কলকাতায় আজ থেকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ৮০টি দেশের ৬৪৭টি ছবির জমা, বিশেষ আকর্ষণে ফ্রান্স
তপন রায়, কলকাতা:
আন্তর্জাতিক চলচ্চিত্রের মিলনমেলা বসতে চলেছে কলকাতায়। আজ থেকে শুরু হচ্ছে তৃতীয় সংস্করণের ‘ফেস্ট৫ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ (F5IFF) ২০২৬। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। কলকাতার সল্টলেক সেক্টর ফাইভে অ্যানথ্রোপলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (AnSI) অডিটোরিয়ামে এই পাঁচ দিনের চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের উৎসবে বিশ্বের প্রায় ৮০টি দেশ থেকে মোট ৬৪৭টি চলচ্চিত্র জমা পড়েছে। তার মধ্যে নির্বাচিত চলচ্চিত্রগুলি প্রদর্শিত হবে উৎসবে। এবারের উৎসবের মূল ভাবনা ‘ইয়ুথ অ্যান্ড গ্রিন’ (Youth & Green)। অর্থাৎ যুবসমাজ এবং পরিবেশ সচেতনতার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এবারের উৎসবে ফ্রান্সকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে ফোকাস কান্ট্রি হিসেবে।
ভারত ছাড়াও ফ্রান্স, জার্মানি, মঙ্গোলিয়া, কেনিয়া, আজারবাইজান, কানাডা, দক্ষিণ আফ্রিকা, রাশিয়া এবং আমেরিকার মতো দেশের চলচ্চিত্র স্থান পেয়েছে উৎসবের প্রদর্শনী তালিকায়। পাশাপাশি বালতিস্তানের চলচ্চিত্রও থাকছে এবারের আন্তর্জাতিক আয়োজনে।
উৎসবের প্রথম দিন, ২০ নভেম্বর প্রদর্শিত হবে ফ্রান্সের ‘WHITEOUT’ এবং ‘SAVING PARADISE: The Grand Canyon’-এর মতো তথ্যচিত্র। পাশাপাশি ভারতীয় চলচ্চিত্র ‘দুকান’ (Dukaan) সহ একাধিক স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র দেখানো হবে। ২১ নভেম্বর ফ্রান্সের চলচ্চিত্রগুলিকে কেন্দ্র করে বিশেষ আয়োজন থাকছে। এই পর্বে মোট ১১টি ফরাসি চলচ্চিত্র উৎসবের বিভিন্ন দিনে প্রদর্শিত হবে।
এবারের উৎসবের অন্যতম উল্লেখযোগ্য দিক যুবসমাজকে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত করা। হাওড়ার Life Project 4 Youth-এর তরুণ অংশগ্রহণকারীদের নির্মিত ‘Life Near the Canal’ ছবিটি সেই উদ্যোগেরই উদাহরণ। পরিবেশ, স্থানীয় জীবনযাত্রা এবং সামাজিক বাস্তবতার নানা দিক চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
আয়োজকদের মতে, এই উৎসব শুধুমাত্র চলচ্চিত্র প্রদর্শনের মঞ্চ নয়, বরং বিভিন্ন দেশের সংস্কৃতি, পরিবেশ এবং সামাজিক ভাবনার আদানপ্রদানের একটি আন্তর্জাতিক পরিসর।
উৎসবে দর্শকদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে। তবে আগাম অনলাইন রেজিস্ট্রেশন করে বিনামূল্যের অডিয়েন্স পাস সংগ্রহ করতে হবে। চলচ্চিত্রপ্রেমী, ছাত্রছাত্রী এবং তরুণ নির্মাতাদের কাছে এই উৎসব বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশা আয়োজকদের।