নেপালের হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, ২৫ অগস্টের পর থেকে নেই কোনও যোগাযোগ

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 58 m ago
নেপালের হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, ২৫ অগস্টের পর থেকে নেই কোনও যোগাযোগ
নেপালের হড়পা বানে নিখোঁজ মুকুল রায়ের পুত্রবধূ, ২৫ অগস্টের পর থেকে নেই কোনও যোগাযোগ
 
কলকাতা ঃ

নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর নিখোঁজ বহু ভারতীয়ের মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের একাধিক পর্যটকও। তাঁদের মধ্যেই রয়েছেন প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের স্ত্রী এবং মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়। নেপালে বেড়াতে গিয়ে গত ২৫ অগস্ট রাতের পর থেকে তাঁর সঙ্গে পরিবারের আর কোনও যোগাযোগ হয়নি।

জানা গিয়েছে, গত ২১ অগস্ট একটি ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে গিয়েছিলেন শর্মিষ্ঠা। তিনি পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত। কৈলাশ-মানস সরোবর ও নেপাল সফরে তিনি একাই গিয়েছিলেন বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।

এরপর ২৫ অগস্ট রাতে শেষবার স্বামী শুভ্রাংশু রায়ের সঙ্গে তাঁর ফোনে কথা হয়। সেই সময় তাঁরা ভোতেকোশী নদী থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ছিলেন বলে জানা গিয়েছে। তার পর থেকেই শর্মিষ্ঠার সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি।

বুধবার ভোতেকোশী নদীতে ভয়াবহ হড়পা বান ও বন্যার খবর সামনে আসতেই উৎকণ্ঠা আরও বেড়ে যায় পরিবারের। স্বজনদের আশঙ্কা, ভয়াবহ বন্যার কবলে পড়েই হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারেন শর্মিষ্ঠা।

শুভ্রাংশু রায় জানিয়েছেন, স্ত্রীকে খুঁজে পেতে নেপালের দূতাবাস এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত শর্মিষ্ঠার কোনও সন্ধান পাওয়া যায়নি। চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে গোটা পরিবার। তাঁর দুই সন্তানও মায়ের ফেরার অপেক্ষায় রয়েছে।

নেপালের ভোতেকোশী নদী এলাকায় ভয়াবহ হড়পা বানে একাধিক গ্রাম ও পরিকাঠামো ভেসে গিয়েছে। বিপর্যয়ের জেরে বহু মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৮৮ জন ভারতীয় রয়েছেন বলে জানা গিয়েছে, যাঁদের মধ্যে মাত্র ২১ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নিখোঁজ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের পরিবারের একটাই অপেক্ষা—কবে মিলবে তাঁর কোনও খবর, কবে ফিরবে প্রিয়জনের ফোন।


শেহতীয়া খবৰ