৮ এপ্রিল মনোনয়ন পেশ করবেন মমতা, মিছিল করে পৌঁছবেন সার্ভে বিল্ডিংয়ে

Story by  PTI | Posted by  Sudip sharma chowdhury • 3 h ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
 
কালীঘাট ঃ
 
রাজ্যে বিধানসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে। প্রচারে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। গতকালই ভোট গ্রহণের সময় জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। সবমিলিয়ে নির্বাচনের প্রস্তুতি এখন তুঙ্গে। ইতিমধ্যেই শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার পর্ব।

এবার মনোনয়ন জমা দিতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৮ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে পারেন তৃণমূল সুপ্রিমো । জানা যাচ্ছে, ওইদিন কালীঘাট ব্রিজ থেকে কর্মী সমর্থকদের মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে যাবেন মনোনয়ন জমা দিতে। বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থীদের হয়ে প্রচারে ব্যস্ত আছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তুলছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় সভা করে বিজেপিকে আক্রমণ করছেন তাঁরা এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গেই প্রচারে থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এরপর সম্ভবত ৮ এপ্রিল সকালে কলকাতায় ফিরে আসবেন। তৃণমূল সূত্রের খবর, ওইদিন সকালে ফিরেই তিনি কালীঘাট থেকে মিছিল করে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিতে যাবেন। 

প্রথম দফায় যেসব কেন্দ্রে ভোট হবে, সেখানকার প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৬ এপ্রিল। ওই দফার মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা ৯ এপ্রিল পর্যন্ত।অন্যদিকে দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৯ এপ্রিল। সেই দফার স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল এবং মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিল পর্যন্ত।