মালদহ ঃ
ঘোড়ার পিঠে বীরবিক্রমে থাকা নেতাজির কাঁধে উঠে আপসহীন যোদ্ধাকে মোড়ানো হল গেরুয়া ঝান্ডায়! এখানেই শেষ নয়, কাঁধে চড়েই নেতাজির হাতের মুঠোয় জোর করে গুঁজে দেওয়া হল গেরুয়া রঙের ধর্মীয় পতাকা। ভেঙে দেওয়া হয় পাশে টাঙানো জাতীয় পতাকা বেঁধে রাখার স্টিকও! বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুকে এভাবেই চূড়ান্ত অপমান, অসম্মান ও অপবিত্র করার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে মালদহের মানিকচকে।
অভিযোগ, সামরিক পোশাকে থাকা ‘আজাদ হিন্দ ফৌজ’-এর সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ঘিরে যখন এমন কুৎসিত অপকর্ম চালানো হচ্ছিল, তখন সেখানেই একটি ধর্মীয় মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন মানিকচক বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডল।
তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থীর নেতৃত্বেই তাঁর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে। ঘটনায় মানিকচকের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ-সহ নেতাজিকে অপমান এবং জাতীয় পতাকার অবমাননার অভিযোগ এনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে নালিশ জানিয়েছে তৃণমূল।
নেতাজির মূর্তি ঘিরে চরম নিন্দনীয় এই ঘটনায় জেলাজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সব মহল থেকেই উঠেছে নিন্দার ঝড়। নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে নালিশ জানিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য ডেরেক ও’ব্রায়েন।