কলকাতা ঃ
তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারের বাড়ির পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরে মনোনয়নপত্রের প্রস্তাবকের বাড়িতে আয়কর হানা। শুক্রবার দুপুরে ২ নম্বর এলগিন রোডে মিরাজ শাহ নামে ওই প্রস্তাবকের বাড়িতে হানা দিলেন আয়কর দফতরের আধিকারিকরা।
এই নিয়ে সবর হল তৃণমূল। বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবকের বাড়িতে আয়কর দফতরের হানা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। হারবে জেনে নির্লজ্জের মতো এসব করছে। ভোটের পরিবেশ নষ্ট করছে।”
তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের প্রার্থী হিসেবে যে মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার একজন প্রস্তাবক হলেন মিরাজ শাহ। তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এবং একটি শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার। তাঁর বাড়িতে আয়কর দফতরের হানা নিয়ে সরব হয়েছে তৃণমূল।
ভোট থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে এসব করা হচ্ছে বলে রাজ্যের শাসকদলের অভিযোগ।