ভারত বাংলা সম্পর্কের উন্নতি; ১৬ মাস বাংলাদেশের জেলে থাকার পর দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 12 h ago
১৬ মাস বাংলাদেশের জেলে থাকার পর দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক
১৬ মাস বাংলাদেশের জেলে থাকার পর দেশে ফিরলেন দুই ভারতীয় নাগরিক
 
নূরুল হক,আগরতলাঃ 

বাংলাদেশের বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠনের পর ভারত বাংলা সম্পর্ক ক্রমশ উন্নত হচ্ছে। ইন্দো বাংলা সম্পর্ক উন্নতির মধ্যেই এবার ভারতের ২ নাগরিককে ১৬ মাস পর জেল থেকে মুক্তি দিয়ে ভারতে পাঠালো বাংলাদেশ সরকার।

 ত্রিপুরার পশ্চিম জেলার মোহনপুর মহকুমার ৩ ভারতীয় নাগরিক ২০২৪ সালের ডিসেম্বর মাসে অনিচ্ছাকৃত সীমান্ত পার করে বাংলাদেশ ঢুকে গিয়েছিলেন। বাংলাদেশ বর্ডার গার্ড তাদের আটক করার পর তৎকালীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছিল। সেই সময় থেকে বিগত ১৬ মাস যাবত বাংলাদেশের জেলে ছিলেন ভারতের নাগরিক তথা ত্রিপুরা মোহনপুরের বাসিন্দা অজিত বিশ্বাস (৪২), সমীর দাস (৩২), (তৃতীয় জনের পরিচয় জানা যায়নি)। 

এবার বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের মাত্র কয়েক মাসের ব্যবধানে তাদের মধ্যে দুজনকে জেল থেকে মুক্তি দিয়ে ভারতের ফেরত পাঠানো হয়েছে। ২৩ মার্চ সোমবার দুপুরে ত্রিপুরার খোয়াই পহরমুড়া বিওপি গেইট নং-১০৪/০২, দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেয় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী।

এই হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সীমান্তরক্ষী বাহিনীর আধিকারিক সুর্যভান সিং, মোহনপুর মহকুমা অতিরিক্ত মহকুমা শাসক ধৃতিশেখর রায়, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার এবং সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা। বাংলাদেশের তরফ থেকে ছিলেন বাল্লা বিজেবি নায়েব সুবেদার আবুল কালাম, চুনারুঘাট থানার কর্মকর্তা সজল কুমার পাল।

 প্রশাসনিকভাবে জানা গেছে নথিপত্রে নামের ক্ষেত্রে সমস্যা থাকার কারণে তৃতীয় ব্যক্তিকে সোমবার ভারতের কাছে হস্তান্তর করা হয়নি। তবে খুব শীঘ্রই তাকেও ভারতের ফেরত পাঠানো হবে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেছেন তুই ভারতীয় নাগরিক সহ তাদের পরিবার পরিবারগুলি। একইসঙ্গে, তৃতীয় ব্যক্তির দ্রুত প্রত্যাবর্তনের জন্য দুই দেশের প্রশাসন সক্রিয় রয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের মধ্যে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ইতিবাচক বার্তা আরো একবার সামনে উঠে আসলো বলেই সংশ্লিষ্ট মহলের দাবি।