সিডনি ঃ
ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির প্রতিরক্ষা বাহিনীতে বড় ধরনের নেতৃত্ব পরিবর্তনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অস্ট্রেলিয়ার সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।বর্তমানে সুসান কোয়েল প্রতিরক্ষা বাহিনীর ‘জয়েন্ট ক্যাপাবিলিটিজ’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সামরিক অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের ভিত্তিতে তাকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার।
সুসান কোয়েলের এই নিয়োগ এমন এক সময়ে এসেছে, যখন অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী নারীদের অংশগ্রহণ বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। বর্তমানে দেশটির প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ এবং শীর্ষ নেতৃত্বে এ হার ১৮ দশমিক ৫ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এই হার ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে একইসঙ্গে সাম্প্রতিক সময়ে প্রতিরক্ষা বাহিনীর ভেতরে যৌন হয়রানি ও বৈষম্যের অভিযোগও সামনে এসেছে। গত বছরের অক্টোবর মাসে বাহিনীর বিরুদ্ধে একটি মামলায় অভিযোগ করা হয়, হাজারো নারী সদস্যকে যৌন নির্যাতন, হয়রানি ও বৈষম্য থেকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে কর্তৃপক্ষ। এমন প্রেক্ষাপটে নারী নেতৃত্বে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, নৌবাহিনীর ডেপুটি প্রধান রিয়ার অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি-কে নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি মার্ক হ্যামন্ডের স্থলাভিষিক্ত হবেন।
এই নেতৃত্ব পরিবর্তনের মাধ্যমে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনী আরও আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর কাঠামো গড়ে তুলতে চাইছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।