বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সমালোচনা অ্যামনেস্টির, ন্যায়বিচারে স্বচ্ছতার আহ্বান

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 13 h ago
বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সমালোচনা অ্যামনেস্টির, ন্যায়বিচারে স্বচ্ছতার আহ্বান
বাংলাদেশে আবু সাঈদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের সমালোচনা অ্যামনেস্টির, ন্যায়বিচারে স্বচ্ছতার আহ্বান
 
ঢাকা ঃ
 
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডে সাবেক দুই পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি হলেও মৃত্যুদণ্ড কোনো সমাধান নয়।

জুলাই ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলনের সময় সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক সহকারী উপ-পরিদর্শক আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেয়। একই সঙ্গে আরও ২৮ জন সাবেক কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, যাদের মধ্যে তিনজনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন সাজা।

এই রায়ের পর প্রতিক্রিয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের আঞ্চলিক গবেষক ও ক্যাম্পেইনার রেহাব মাহামুর বলেন, আবু সাঈদসহ আন্দোলনের সময় নিহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার ও জবাবদিহিতা পাওয়ার অধিকার রাখেন। তবে তার মতে, মৃত্যুদণ্ড একটি নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি, যার কোনো স্থান কোনো বিচারব্যবস্থায় থাকা উচিত নয়।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে অতীতে বিভিন্ন মানবাধিকার সংস্থা উদ্বেগ জানিয়েছে। অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যায্য বিচার ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। তাই যেকোনো বিচার কার্যক্রমে নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশ কর্তৃপক্ষকে মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করে ধীরে ধীরে এই শাস্তি সম্পূর্ণভাবে বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, সংস্থাটি পূর্বেও জানিয়েছিল যে, জুলাই ২০২৪ সালের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর প্রাণঘাতী ও অপ্রাণঘাতী অস্ত্রের অবৈধ ব্যবহার হয়েছে, যার মধ্যে আবু সাঈদের হত্যাকাণ্ড অন্যতম। এ ধরনের ঘটনার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পরিবর্তে কার্যকর জবাবদিহিতা ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয় সংস্থাটি।

মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় স্বীকৃত জীবনের অধিকারের পরিপন্থী হওয়ায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব ধরনের মৃত্যুদণ্ডের বিরোধিতা করে আসছে।