অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক

Story by  atv | Posted by  Sudip sharma chowdhury • 23 d ago
প্রতিনিধিত্বমূলক ছবি
প্রতিনিধিত্বমূলক ছবি
ত্রিপুরাঃ
 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরের দিকে সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

লালমনিরহাটের পুলিশ সুপার আসাদুজ্জামান শনিবার রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাব্বির বিন শামস অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে থানা হেফাজত থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়ার সময় তাঁর কাছে সাতটি পাসপোর্ট পাওয়া যায়। এর মধ্যে দুটি ছিল কূটনৈতিক পাসপোর্ট। বাকি পাসপোর্টগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নথি বলে ধারণা করা হচ্ছে। এসব পাসপোর্ট কীভাবে ব্যবহার করা হচ্ছিল এবং তিনি কোন উদ্দেশ্যে দেশে ফিরছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাব্বির বিন শামস আওয়ামী লীগ সরকারের সময় তিন বছরের চুক্তিভিত্তিক নিয়োগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআরআই শাখার মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদেও চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন।

পুলিশ জানিয়েছে, সাব্বির বিন শামস কী কারণে ভারত অবস্থান করছিলেন, কীভাবে সীমান্ত অতিক্রম করেছেন এবং তাঁর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে তাঁর কাছে পাওয়া কূটনৈতিক পাসপোর্ট ও অন্যান্য নথিপত্রও যাচাই-বাছাই করা হচ্ছে।