রমজানের আলোয় মুখর উত্তর কলকাতার জাকারিয়া স্ট্রিট

Story by  Sampee Chakroborty Purkayastha | Posted by  Aparna Das • 2 d ago
রমজান উপলক্ষে প্রস্তুত জাকারিয়া স্ট্রিটের দৃশ্য
রমজান উপলক্ষে প্রস্তুত জাকারিয়া স্ট্রিটের দৃশ্য
 
শম্পি চক্রবর্তী পুরকায়স্থ

এ বছর ২০২৬ সালে সম্ভবত ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। চাঁদ দেখার উপর নির্ভর করলেও ইতিমধ্যেই প্রস্তুত উত্তর কলকাতার ঐতিহ্যবাহী অঞ্চল জাকারিয়া স্ট্রিট। প্রতি বছরের মতো এবারও রোজার মাসকে ঘিরে ইদের আগমনী আবহে সেজে উঠেছে এলাকা। ঝলমলে আলোকসজ্জা আর নিয়ন সবুজ ‘রমজান মোবারক’ লেখা সাইনবোর্ড জানিয়ে দিচ্ছে উৎসবের সূচনা।
 
রমজান মানেই সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের সময়। তবে ইফতারের আগে জাকারিয়া স্ট্রিট যেন এক প্রাণবন্ত খাদ্যউৎসবে পরিণত হয়। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তার ধারে একের পর এক খাবারের স্টল প্রস্তুত হয়ে ওঠে। কাঠকয়লার আগুনে সেঁকা কাবাবের সুগন্ধ ভেসে বেড়ায় চারপাশে। চিকেন, মাটন, বটিহ কাবাব থেকে শুরু করে নানান মুখরোচক পদ, সবই সাজানো থাকে ক্রেতাদের জন্য। শহরের বিভিন্ন প্রান্ত থেকে খাদ্যরসিকরা এখানে ভিড় জমান বিশেষ স্বাদের টানে।
 

ইফতারের ঠিক আগে রোজাদারদের দেখা যায় সামোসা, পাকোড়া-সহ বিভিন্ন ভাজাভুজি কিনতে ব্যস্ত। বড় বড় হাঁড়িতে তৈরি হয় ধোঁয়া ওঠা গরম হালিম, যা রমজানের অন্যতম আকর্ষণ। প্রতিবছরের মতো এ বছরও বিশাল হান্ডিগুলিতে সংরক্ষিত হালিম কিনতে লম্বা লাইন পড়ার সম্ভাবনা রয়েছে।
 
ইফতারে ফল অপরিহার্য। তাই তাজা কাটা ফল, ফলের রস ও নানা শরবতের চাহিদা থাকে তুঙ্গে। বিশেষ আকর্ষণ ‘মোহাব্বত কা শরবত’, রুহআফজা, দুধ ও তরমুজ কুচি দিয়ে তৈরি গোলাপি রঙের এই পানীয়। রোজা ভাঙার পর এক গ্লাস ঠান্ডা শরবত যেন ক্লান্তি দূর করে দেয় মুহূর্তে।
 
রমজান উপলক্ষে প্রস্তুত জাকারিয়া স্ট্রিটের দৃশ্য
 
এছাড়াও ঘি-তে ভাজা বিভিন্ন ধরনের লাচ্ছা বা সেমাই বিক্রি হয় প্রচুর। অনেকে বাড়িতে শির খুরমা, পায়েশ ও অন্যান্য মিষ্টান্ন তৈরির জন্য এই সেমাই কিনে নিয়ে যান। শুধু মুসলিম সম্প্রদায় নয়, বিভিন্ন ধর্মের মানুষও এই সময়ে জাকারিয়া স্ট্রিটে আসেন খাবার ও কেনাকাটার টানে।
 
খাবারের দোকানগুলির মধ্যে উল্লেখযোগ্য Delhi 6, Taskeen এবং Sufiyan। সূর্যাস্তের সময় এই সব রেস্তোরাঁয় উপচে পড়া ভিড় দেখা যায়। খাদ্যপ্রেমী ও ফুড ভ্লগারদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।
 
রমজান উপলক্ষে প্রস্তুত জাকারিয়া স্ট্রিটের দৃশ্য
 
খাবারের পাশাপাশি পোশাক, আতর, টুপি ও অন্যান্য সামগ্রী কেনার জন্যও জমে ওঠে বাজার। সব মিলিয়ে, ১৯ ফেব্রুয়ারি থেকে সম্ভাব্য রমজান শুরুকে সামনে রেখে জাকারিয়া স্ট্রিট আবারও হয়ে উঠছে কলকাতার এক অনন্য সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা।